প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম
সিলেট টেস্টের প্রথম দিন শেষে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ। সংগৃহীত ছবি সিলেট টেস্টের প্রথম দিন শেষে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির অভিষিক্ত ব্যাটার কেভিন উইকহ্যামের প্রত্যাশা, ৩৫০ থেকে ৪০০ বা তার বেশি রান করতে পারলে ম্যাচ জয়ের ভালো সুযোগ তৈরি হবে। তবে প্রতিপক্ষের এই আত্মবিশ্বাসে বিচলিত নন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার মতে, টেস্ট ক্রিকেটে পরের দিনের পরিস্থিতি আগে থেকে অনুমান করা কঠিন।
দিন শেষে সংবাদ সম্মেলনে উইকহ্যাম বলেন, উইকেটের আচরণ বিবেচনায় বড় সংগ্রহ গড়ে একবার ব্যাটিং করেই প্রতিপক্ষকে দুইবার অলআউট করার পরিকল্পনা তাদের। সময় গড়ানোর সঙ্গে উইকেটের অবস্থা আরও খারাপ হতে পারে বলেও মনে করেন তিনি। তাই ৩৫০ থেকে ৪০০ বা তার বেশি রান করতে পারলে জয়ের ভালো সম্ভাবনা দেখছেন এই ব্যাটার।
তবে উইকহ্যামের এমন প্রত্যাশায় গুরুত্ব দিতে চান না তাসকিন। তার মতে, অভিষেক ম্যাচে রান পাওয়ার পর একজন ক্রিকেটার উচ্ছ্বসিত থাকতেই পারেন। কিন্তু পরদিন কী ঘটবে, তা কেউ জানেন না।
তাসকিন বলেন, ‘ও খুব উচ্ছ্বসিত। আজই তার অভিষেক হয়েছে, অভিষেকে রানও পেয়েছে। তাই অনেক কিছুই বলতে পারে, এটা ঠিক আছে। কিন্তু কাল (শুক্রবার) খেলা শুরু হলে কী হবে, সেটা তো কেউ জানে না। এমনও হতে পারে, তারা ৪৫০ রান করে ফেলবে। আবার কাল এক ঘণ্টার মধ্যেই ৫০ রানে অলআউট হয়ে যেতে পারে। এটাই টেস্ট ক্রিকেটের মজা। নতুন এসেছে, ওর কথায় বেশি বিচলিত হওয়ার কিছু নেই।’
অবশ্য প্রথম দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা ভালো ছিল না। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৭ রানেই তিন উইকেট হারায় সফরকারীরা। ভাইরাস জ্বরে জন ক্যাম্পবেল ও ত্যাগনারায়ণ চন্দরপল ছিটকে যাওয়ায় ওপেনিংয়েও পরিবর্তন আনতে হয় দলটিকে।
সেই সুযোগ কাজে লাগিয়ে শুরুতেই আঘাত হানেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তবে চতুর্থ উইকেটে জাঙ্গু ও উইকহ্যামের ১৩১ রানের জুটি ম্যাচের চিত্র পাল্টে দেয়। অভিষেক টেস্টে ১৪৫ বলে ৬১ রান করেন উইকহ্যাম।
অন্যদিকে দিন শেষে ১৭১ বলে ১১১ রান করে অপরাজিত আছেন জাঙ্গু। জাস্টিন গ্রিভসের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটিতে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৩৫ রান।
প্রথম সেশনে তিন উইকেট তুলে নেওয়ার পর আর বড় কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। জাঙ্গুর একটি ক্যাচও ফেলে স্বাগতিকরা। তিন স্পিনার খেলিয়েও কোনো উইকেট আদায় করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন ও হাসান মাহমুদ।
সময়ের আলো/ইউএমএইচ