ট্রাম্পের হুমকির মুখেও প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়বেন না হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তাকে অভিশংসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, কংগ্রেসে তার বিরুদ্ধে সেই প্রচেষ্টা মোকাবিলা করবেন। একই সঙ্গে

2026-11-06T12:14:01+00:00
2026-11-06T12:14:01+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের হুমকির মুখেও প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়বেন না হেগসেথ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:১৪ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তাকে অভিশংসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, কংগ্রেসে তার বিরুদ্ধে সেই প্রচেষ্টা মোকাবিলা করবেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘সাহসী ও ঐতিহাসিক’ আখ্যা দিয়ে এ অভিযানের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। চলতি সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে এ যুদ্ধের কারণে রিপাবলিকানদের ভরাডুবির এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন হেগসেথ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিও বার্তা এমন এক সময়ে এলো, যখন কংগ্রেসে তার বিরোধীদের আক্রমণ আরও জোরালো হচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হেগসেথকে বরখাস্ত করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন। বরং প্রতিরক্ষামন্ত্রীর কাজের প্রশংসা করেছেন তিনি।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা হাকিম জেফরিস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘পিট হেগসেথ এখনো দায়িত্বে রয়েছেন কেন?’

ফক্স নিউজের সাবেক উপস্থাপক হেগসেথ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বেশ বিতর্কিত ব্যক্তিত্ব। এমনকি নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেও তার বিরোধী রয়েছেন। ইরান যুদ্ধ পরিচালনা, শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং আইনপ্রণেতাদের সঙ্গে টানাপোড়েনের কারণে কংগ্রেসে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এদিকে প্রশাসন যখন ১ লাখ ৫০ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট পাসের চেষ্টা করছে, তখন আইনপ্রণেতাদের সঙ্গে তার বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মঙ্গলবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়া ডেমোক্র্যাটরা হেগসেথ এবং পেন্টাগন পরিচালনায় তার ভূমিকা নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেসের কর্মকর্তাদের মতে, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে বরখাস্ত করার বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে।

রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি আগামী সপ্তাহে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আবারও উত্থাপনের ঘোষণা দিয়েছেন। তার সতর্কবার্তা, আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর হেগসেথের জন্য যে পরিস্থিতি তৈরি হবে, তার তুলনায় অভিশংসনের উদ্যোগ অনেকটাই সহজ হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাসি লিখেছেন, ‘তারা শুনানি ও বিচার করবে।’

চার মিনিটের বেশি সময়ের ভিডিও বার্তায় পেন্টাগনের নেতৃত্বে নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই দেন হেগসেথ। এ সময় তিনি জ্যেষ্ঠ পেন্টাগন কর্মকর্তাদের বরখাস্ত, বৈচিত্র্যবিষয়ক উদ্যোগ বন্ধ এবং সামরিক বাহিনীতে রূপান্তরকামী ব্যক্তিদের নিষিদ্ধ করার বিষয়গুলো তুলে ধরেন।

ভিডিওতে তিনি বলেন, ‘তারা আমাকে আক্রমণ করছে, আমাদের আক্রমণ করছে, কারণ আমরা কার্যকর। এতে কোনো লাভ হবে না। আমরা পিছু হটব না।’

অভিশংসনের উদ্যোগকে ‘ভিত্তিহীন নাটক’ আখ্যা দিয়ে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকেও দুইবার অভিশংসনের মুখোমুখি হতে হয়েছিল। তার ভাষায়, এটি ব্যক্তিগতভাবে কাউকে ধ্বংস করার রাজনৈতিক প্রচেষ্টা। ট্রাম্পের ক্ষেত্রে যেমন তা সফল হয়নি, তার ক্ষেত্রেও হবে না।

বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে কোনো পরিবর্তন আসবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প হেগসেথের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী ‘অসাধারণ কাজ’ করেছেন। জেনারেলদের বরখাস্ত করার কারণেই তার বিরুদ্ধে বিরোধিতা তৈরি হয়েছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের এত বেশি জেনারেল ছিল যে সবাই চার তারকা জেনারেল। এমন কিছু আমি আগে কখনো দেখিনি। তাদের অনেকেই জাগরণবাদী ছিলেন। আমি জাগরণবাদী জেনারেল পছন্দ করি না। এ কারণেই সম্ভবত তার বিরোধিতা রয়েছে।’

ভেনেজুয়েলা ও ইরানে মার্কিন সামরিক অভিযানে হেগসেথের ভূমিকারও প্রশংসা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানে সাত মাস ধরে যুক্তরাষ্ট্র অভিযান চালাচ্ছে এবং তারা যা নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তার সবই নিয়ন্ত্রণে রয়েছে।


দায়িত্ব হারানোর শঙ্কায় হেগসেথ

সূত্রগুলোর বরাতে জানা গেছে, নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ পর্যালোচনার সময় ট্রাম্প এখনো হেগসেথকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।

বুধবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই যুদ্ধের কারণে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। তার এমন মন্তব্যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবারও শুরু করার হুমকি বাস্তবায়ন করবেন কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

ট্রাম্পের এক উপদেষ্টা জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে হেগসেথও দায়িত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত পেন্টাগনের নেতৃত্ব দিতে হেগসেথ ‘১০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ’।

এদিকে পেন্টাগনের জন্য বরাদ্দ চেয়ে করা প্রস্তাব পাস করতে দেশপ্রেমিক আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন হেগসেথ। এই অর্থের একটি অংশ ইরান যুদ্ধের ব্যয় এবং অন্যান্য সামরিক অগ্রাধিকারে ব্যবহার করা হবে।

তিনি বলেন, যুদ্ধ নিয়ে মানুষের মতামত যা-ই হোক না কেন, তার বিশ্বাস এই অভিযান সাহসী ও ঐতিহাসিক। এর মাধ্যমে নিশ্চিত করা যাবে, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। একই সঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদের মতো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার কাজ চালিয়ে যেতে হবে।

রিপাবলিকান সিনেটর থম টিলিস মঙ্গলবার রাতে সিবিএস নিউজকে বলেন, হেগসেথকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। আইনপ্রণেতাদের সঙ্গে তার টানাপোড়েন ট্রাম্প প্রশাসনের ১ লাখ ৫০ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট পাসের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ইউক্রেন নীতি এবং লাতিন আমেরিকার জলসীমায় মাদক পাচারের সন্দেহে নৌযানে মার্কিন সামরিক হামলার বিষয়েও ডেমোক্র্যাটদের তদন্তের মুখে পড়তে পারেন হেগসেথ। ডেমোক্র্যাটদের কেউ কেউ এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করার দাবি তুলেছেন।

আগামী বছর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম স্মিথের। তিনি ইরান যুদ্ধ থেকে শুরু করে মার্কিন সামরিক বাহিনীর ‘রাজনৈতিক নিরপেক্ষতার ভিত্তি ক্ষয়’ পর্যন্ত সব বিষয়ে কঠোর নজরদারির প্রতিশ্রুতি দিয়েছেন।



সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ট্রাম্প  হুমকি  প্রতিরক্ষামন্ত্রী  হেগসেথ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: