প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম
ছবি : সংগৃহীতপ্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে গাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো শরণার্থী শিবিরগুলো পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জরুরি সেবা ও ত্রাণসামগ্রী বাড়ানোর আহ্বান জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক বলেছেন, উপত্যকাটিতে জরুরি ভিত্তিতে আরও উদ্ধারকর্মী ও সহায়তা প্রয়োজন। বিশেষ করে বাস্তুচ্যুত মানুষের জন্য অবিলম্বে তাঁবু সরবরাহ করতে হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ ঝড়ের কারণে তাঁবু ও আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ১ হাজার ৫০০টির বেশি জরুরি সহায়তার ফোন পেয়েছে। সংস্থাটির ভাষ্য, ঝড়ের প্রভাবে ‘পুরো শিবিরগুলো পানিতে ডুবে যাচ্ছে’।
সংস্থাটি জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা বৃষ্টির পানিতে চরম দুর্ভোগে পড়েছে। বৃষ্টির পানিতে তাদের তাঁবু ভেসে যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, দুর্যোগের ব্যাপকতা এবং জলাবদ্ধ এলাকা থেকে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতার অভাবে একা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।
সময়ের আলো/জেডি