প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম
ছবি : সংগৃহীতদীর্ঘদিন ধরে আটকে থাকা বীমা দাবির অর্থ ফেরত দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এবার ৫টি বীমা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ জন গ্রাহককে ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার টাকা পরিশোধ করা হচ্ছে। রোববার চতুর্থ ধাপে এসব গ্রাহকের হাতে বীমা দাবির অর্থ তুলে দেওয়া হবে।
শনিবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইডিআরএর তথ্য অনুযায়ী, এ ধাপে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা। প্রতিষ্ঠানটি ১ হাজার ৭৪ জন পলিসিধারীকে দেবে ৮ কোটি ৩৭ লাখ টাকা।
এ ছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ৩ হাজার ১৬৩ জন গ্রাহককে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১ হাজার ৩৫০ জনকে ৫ কোটি টাকা এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৩৪৪ জনকে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা পরিশোধ করবে। অন্যদিকে বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৪১ জন পলিসিধারী পাবেন ৭ লাখ টাকা।
আইডিআরএ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমা দাবি নিষ্পত্তি এবং গ্রাহকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বীমা খাতে আস্থা ফিরিয়ে আনা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি