১৯ নভেম্বর লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি দেখতেপ্রধানমন্ত্রী তারেক রহমান১৯ নভেম্বর লালমনিরহাট সফর করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল

2026-11-08T00:03:58+00:00
2026-11-08T00:03:58+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:০৩ এএম 
পাটগ্রাম উপজেলা ও পৌরসভা পর্যায়ের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি : সময়ের আলো
‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯ নভেম্বর লালমনিরহাট সফর করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, এই আন্দোলনের মধ্য দিয়ে লালমনিরহাট জেলাকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত করা হবে এবং লালমনিরহাট সারা দেশের জন্য একটি রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা স্টেডিয়াম মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের পাটগ্রাম উপজেলা ও পৌরসভা পর্যায়ের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এ আন্দোলনের সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, সাংবাদিক, খেলোয়াড়, সাংস্কৃতিককর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত রয়েছেন। সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাটকে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলন যেভাবে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনও একদিন সারা বাংলাদেশে আলোচিত হবে। প্রধানমন্ত্রী এ উদ্যোগের বিষয়ে অত্যন্ত আন্তরিক। এ কর্মসূচির ওপর একটি প্রামাণ্যচিত্র তৈরির নির্দেশনাও দিয়েছেন তিনি। পরবর্তী সময়ে দেশের সব সংসদ সদস্যের সামনে এ মডেল তুলে ধরা হবে, যাতে প্রত্যেক জেলায় এমন সামাজিক আন্দোলন গড়ে ওঠে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ আগ্রহ প্রকাশ করছে।

সামাজিক অবক্ষয় রোধের বিষয়ে তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই সমাজ সুন্দর হয় না। বিদ্যালয় নির্মাণের পর সেই বিদ্যালয়ের মাঠে যদি মাদক সেবন হয়, তাহলে ওই বিদ্যালয় নির্মাণের উদ্দেশ্য ব্যাহত হয়। বাহ্যিক সাজসজ্জার পাশাপাশি মানুষের চারিত্রিক গুণাবলি, নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়ন জরুরি। সুন্দর সমাজ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী আরও জানান, গত ৪ জুলাই রাষ্ট্রপতি ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির নবযাত্রার উদ্বোধন করেন। উদ্বোধনের চার মাসের মধ্যেই প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত হয়ে এ কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া দেখতে লালমনিরহাট সফর করবেন।

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।

মতবিনিময় সভায় পাটগ্রাম উপজেলা, পৌরসভা ও আটটি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। এ সময় মন্ত্রী স্বেচ্ছাসেবীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   আলোকিত লালমনিরহাট  সামাজিক আন্দোলন  প্রধানমন্ত্রী তারেক রহমান  লালমনিরহাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: