প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম
ছবি : সময়ের আলোকুমিল্লা থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি বাস। এতে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনিয়াবটতল কেরানীহাট রেলবিটের প্রায় ৩০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬) এবং বুড়িচং উপজেলার জগৎপুর এলাকার রেজাউল করিমের স্ত্রী সোহানা আফরোজ (৪৫)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির ট্রাকের সজোরে ধাক্কায় চালক ও হেলপারসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার মো. মহসিন আলীর ছেলে এবং নিহত হেলপার মো. সোহরাবের (৩৫) বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা মালামালবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় পৌঁছালে একই লেনে চলাচলকারী একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করে। এতে পেছনের দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। আকস্মিক এই সংঘর্ষে ট্রাকটির সামনের কেবিন সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়েন চালক ও হেলপার। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় এবং স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা চালান।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানান তিনি।
সময়ের আলো/আতা