গণতন্ত্র সুসংহত করার প্রত্যয়ে দেশজুড়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

আলোচনা সভা, শোভাযাত্রা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শনিবার

2026-11-07T23:02:51+00:00
2026-11-07T23:02:51+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
গণতন্ত্র সুসংহত করার প্রত্যয়ে দেশজুড়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:০২ পিএম 
ছবি : সময়ের আলো
আলোচনা সভা, শোভাযাত্রা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শনিবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিএনপি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে। কোথাও পতাকা উত্তোলন ও প্রীতি ফুটবল ম্যাচ, কোথাও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আবার কোথাও বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে দিবসটির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণের আহ্বান জানানো হয়। সারা দেশ থেকে বিস্তারিত জানিয়েছেন সময়ের আলোর প্রতিনিধিরা—

খুলনা : যথাযোগ্য মর্যাদা, অসীম ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগরী ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিনব্যাপী আলোচনা সভা, বিশেষ দোয়া, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং নানা সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। খুলনার শীর্ষস্থানীয় ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

রংপুর : স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বানের মধ্য দিয়ে রংপুরে উদযাপিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এদিন জেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। তিনি জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান। দুপুরে মহানগর বিএনপি এবং বিকালে জেলা বিএনপি শোভাযাত্রা বের করে। জেলা বিএনপির আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ। তিনি ৭ নভেম্বরের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্কুল-কলেজে বিশেষ ক্লাস আয়োজনের আহ্বান জানান।

এ ছাড়া সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন মানুষের কল্যাণে ছোট ছোট মানবিক দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন।

রাজশাহী : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এর আগে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বরিশাল : দিবসটি উপলক্ষে বরিশালে পৃথক সমাবেশ ও র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শনিবার দুপুরে নগরীতে বরিশাল মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় নগরীর সদর রোডে অশ্বিনীকুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।

সিলেট : সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বরের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সিলেটের বিভিন্ন প্রশাসন, স্কুল ও কলেজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বাগেরহাট : দিবসটি উপলক্ষে সকালে সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. জামিলুর ইসলামসহ প্রশাসন ও বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

এ ছাড়াও দেশাত্মবোধক গানের আসর, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা, দোয়া এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকালে জেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতা উদ্যান থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জামালপুর : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝালকাঠি : নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সভায় তিনি এ আহ্বান জানান।

কুড়িগ্রাম :  কুড়িগ্রামে জেলা প্রশাসন ও জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। সকালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। হাসপাতাল, কারাগার, শিশু পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। বিকালে জেলা স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুপুরে জেলা বিএনপির উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট : লালমনিরহাটে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। পরে তার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

গাইবান্ধা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি ৭ নভেম্বরকে বহুদলীয় গণতন্ত্রের দ্বার উন্মোচনের দিন হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো আহমেদসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

নাটোর : দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়েছিল।

সময়ের আলো/আতা
  বিষয়:   আলোচনা সভা  শোভাযাত্রা  দোয়া মাহফিল  সাংস্কৃতিক  আয়োজন  উদযাপিত  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: