প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পিএম
এক কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের হেরোইন ও তা তৈরির কাঁচামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : সংগৃহীতসাতক্ষীরার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এক কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের হেরোইন ও তা তৈরির কাঁচামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৭ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটার শাখরা ব্রিজসংলগ্ন একটি বাঁশবাগানে অভিযান চালায় বিজিবি। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ওই স্থান থেকে ভারতীয় 'মার্টিনি ড্রাগস' লেখা ২০০ মিলিলিটারের পাঁচ বোতল তরল পদার্থ জব্দ করা হয়। বিজিবির দাবি, এগুলো হেরোইন তৈরির কাঁচামাল। এর আনুমানিক মূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।
এর দুই দিন পর, ৩ নভেম্বর বেলা ১১টার দিকে শাখরা বিওপির পূর্ব দিকে কুলিয়া সড়কের ঋষিপাড়া এলাকার একটি বাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করে বিজিবি। এর আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা।
দুটি অভিযানে উদ্ধার করা মাদক ও কাঁচামালের মোট মূল্য এক কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জব্দ করা মাদকদ্রব্যের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সময়ের আলো/এমকে