প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম
জয়পুরহাটে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী আটক। ছবি : সময়ের আলোজয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে আটক ব্যক্তিদের স্বজনরা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারা নাশকতার উদ্দেশ্যে নয়, কেবল পিকনিক করতেই সেখানে জড়ো হয়েছিলেন।
পুলিশের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন রয়েছেন। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরীও রয়েছেন বলে জানা গেছে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, নাশকতার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়। আক্কেলপুর থানার হাজতে স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে তাদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আতা