শ্রমিক লীগ নেতাকে এনসিপি নেত্রীর মারধর

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাকে চড়-থাপ্পড় দেওয়ার ভিডিও ছড়িয়েছে সামাজিক

2026-11-11T19:20:13+00:00
2026-11-11T19:20:13+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফেসবুক মন্তব্যের জের
শ্রমিক লীগ নেতাকে এনসিপি নেত্রীর মারধর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম 
শ্রমিক লীগ নেতাকে এনসিপি নেত্রীর মারধর। ছবি : ভিডিও থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাকে চড়-থাপ্পড় দেওয়ার ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে বাকলিয়া থানার তুলতলী এলাকা থেকে খোরশেদ আলম নামে ওই নেতাকে থানায় নিয়ে আসে পুলিশ। বুধবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, খোরশেদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আছে।

এর আগে খোরশেদ আলমকে মারধরের ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন আলোচিত এনসিপি নেত্রী তানিয়া আমিন। তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক।

মারধরের ভিডিওটি প্রকাশ করে তানিয়া আমিন ভিডিওর ক্যাপশনে লেখেন, নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়। জাতীয় নারীশক্তি।

পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানের সামনে খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারছেন এনসিপি নেত্রী। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষ ওই ব্যক্তিকে মারধর করেন। একপর্যায়ে তানিয়াকে বলতে শোনা যায়, এই ধরনের পোস্ট করার সাহস পাস কোথা থেকে? এ ধরনের পোস্ট তুই করবি কেন? তারা মেয়েদের দুর্বল মনে করে। ঘরে তোর মা-বোন নেই?

বাকলিয়া থানার ওসি শাহীনূর আলম বলেন, এক এনসিপি নেত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে খোরশেদ আলম নামে একজনকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, খোরশেদ আলমের জব্দ করা ফোনে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

এনসিপি নেত্রী তানিয়া আমিন বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিও ডাউনলোড করে নিজের ফেসবুকে পোস্ট করে অশালীন মন্তব্য করেন খোরশেদ আলম। তাকে পোস্টটি সরিয়ে নিতে বলা হয় পরিচিত আরেকজনের মাধ্যমে। একবার পোস্ট সরিয়ে নিয়েও তিনি আবার পোস্ট দিয়ে খারাপ মন্তব্য করেন। এরপর তার অবস্থান চিহ্নিত করে তিনি বাকলিয়া এলাকায় যান। সেখানে পুলিশ এসে তাকে গ্রেফতার করেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  নেত্রী  ফেসবুক  মন্তব্য  শ্রমিক লীগ  চড়-থাপ্পড়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: