প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম
উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি : সময়ের আলোময়মনসিংহের ত্রিশালেই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন তিনি। ইতোমধ্যে সরকার ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে বলেও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও পর্যটন নগরী গড়ে তোলার পরিকল্পনা নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে বিমানমন্ত্রী জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু করা হবে। এরপর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর জনগণকে সঙ্গে নিয়েই বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগব্যবস্থা, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি অল্প সময়ের মধ্যেই ত্রিশালের পর্যটন এলাকার উন্নয়নকাজ দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মস্পৃহা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। যিনি ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। এ সময় ত্রিশালসহ পুরো দেশকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ত্রিশাল ইতোমধ্যে উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমানের নেতৃত্বে আধুনিক ত্রিশাল গড়ে তোলার কাজ এগিয়ে যাবে। পাশাপাশি ভবিষ্যতে তিনি নিজেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে মন্তব্য করেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ আর দেশে ফিরে আসবে না। তাই তাদের নির্ভয়ে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানান তিনি।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুজাহিদুল ইসলাম, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএন