প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৭:১১ পিএম
বাউফল থানা। ছবি : সংগৃহীত পটুয়াখালীর বাউফল উপজেলায় রাস্তার পাশ থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন একটি হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। প্রায় এক সপ্তাহ আগে হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হাত ও দুই পা নারী নাকি পুরুষের, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের পোনাহুড়া ফাজিল মাদরাসার উত্তর পাশে কালাম শিকদার বাড়ির কাছের রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাহুরা এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান তারা।
খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া হাত-পা কার, কীভাবে সেগুলো ওই এলাকায় এল এবং এর পেছনে হত্যাকাণ্ডের কোনো ঘটনা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, জনবসতিপূর্ণ এলাকার সড়কের পাশ থেকে মানুষের বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধারের ঘটনায় পোনাহুড়া গ্রামজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হাত ও দুই পা কার এবং কীভাবে সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামের সড়কের পাশে এমন একটি বিচ্ছিন্ন অঙ্গ পড়ে থাকার ঘটনা তাদের কাছে অস্বাভাবিক। হাত ও পায়ের সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং হাতও পায়ের পরিচয় শনাক্তে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। হাতও পা দুটি কার এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আবার এমনও হতে পারে, শরীর থেকে বিচ্ছিন্ন অংশ অন্য কোনো স্থান থেকে এনে এখানে ফেলে রাখা হয়েছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
সময়ের আলো/এনএন