প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৭:১১ পিএম
টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং ও উখিয়ার পালংখালীতে তিনটি পৃথক অভিযান পরিচালিত হয়। ছবি : সংগৃহীত মিয়ানমার থেকে নৌকায় করে আনা ইয়াবার বড় একটি চালান আটকে দিয়েছে বিজিবি। কক্সবাজারের টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং ও উখিয়ার পালংখালীতে তিনটি পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির সদস্যরা। পরে নৌকা থেকে সাত-আটজন ব্যক্তি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়া বনে অবস্থান নেন। তারা বেড়িবাঁধ পার হওয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন।
এ সময় বিজিবির একটি টহল দল স্পিডবোট নিয়ে কেওড়া বনের দিকে এগিয়ে গেলে মাদক কারবারিরা গুলি ছোড়েন। বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবার বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় রেখে নৌকায় করে মিয়ানমারে পালিয়ে যান তারা। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে পৃথক দুটি অভিযানে আরও ১ লাখ ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ রমজান আলী (১৮) নামের এক তরুণকে আটক করা হয়। এর আগে রাত নয়টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামের আরেকজনকে আটক করে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক পাচার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের অবস্থান ও তাদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন