প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীতআবারও আইটেম গানে দর্শক মাতাতে আসছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্মের আইটেম গানে মডেল হয়েছেন তিনি। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।
সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। জানা গেছে, আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।
এর আগেও আইটেম গানে দেখা গেছে ফারিয়াকে। রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘কলিজা আর জান’ আইটেম গানে নেচে দারুণ সাড়া ফেলেন তিনি। কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর ‘মেনোকা’ শিরোনামের আইটেম গানে গৌরব চক্রবর্তীর সঙ্গে নেচেছেন তিনি।
এদিকে চলচ্চিত্রের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। বর্তমানে এম এইচ খোকন পরিচালিত ‘লজ্জা’ সিনেমার শুটিং করছেন তিনি। সিনেমাটির প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে আবারও শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এতে পুলিশ কর্মকর্তা কিংবা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যেতে পারে তাকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।
এ ছাড়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কাজ শেষ করেছেন ফারিয়া। ফারিয়া জানান, ছবিটির শুটিং বেশ আগেই শেষ হয়েছে। আশা করছেন, শিগগিরই এটি মুক্তি পাবে। এই সিনেমায় দর্শকরা তার অভিনয়ের ভিন্ন একটি দিক দেখতে পাবেন বলেও প্রত্যাশা করছেন তিনি। অন্যদিকে অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে এই সিনেমাটি নির্মিত হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে ফারিয়াকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। তার সঙ্গে রয়েছেন আরিফিন শুভ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।
অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানল নিয়ে ব্যস্ত রয়েছেন ফারিয়া। সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। অভিনেত্রী জানান, সেখানে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি প্রকাশ করবেন নিজের নতুন গানও।
ইউটিউবে নতুন যাত্রা প্রসঙ্গে ফারিয়া জানান, মিডিয়ার চাকচিক্যের বাইরে তার সাধারণ জীবনযাপনও দর্শকদের সামনে তুলে ধরতে চান। পাশাপাশি নিয়মিত গান করছেন তিনি। তাই ভবিষ্যতে নিজের গানগুলোও এই চ্যানেলে প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। অর্থাৎ অভিনয়ের বাইরে সংগীত ও ব্যক্তিগত জীবনের গল্প নিয়েও দর্শকদের সঙ্গে যুক্ত থাকতে চান এই তারকা।