গ্রাফিক : সময়ের আলো রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ সাধারণত বর্ষা মৌসুমে বাড়লেও এবার শীতের শুরুতেও সংক্রমণ কমার সম্ভাবনা নেই। অনিয়মিত বৃষ্টি, তুলনামূলক উষ্ণ আবহাওয়া এবং বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ফলে নভেম্বরজুড়ে ডেঙ্গুর সংক্রমণ বেশি থাকার পাশাপাশি আগামী ডিসেম্বরেও ঝুঁকি অব্যাহত থাকতে পারে বলে মনে করেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এমন পরিস্থিতিতে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে বলেও জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গত ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের ৪৪তম সপ্তাহে দেশে সন্দেহভাজন ডেঙ্গু রোগী ছিল ১২ হাজার ৯৮১ জন। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ১১ হাজার ৫৪৮। অর্থাৎ এক সপ্তাহে রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ। একই সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৩ জনের, যা আগের সপ্তাহের ৩৬ জনের তুলনায় ১৯ দশমিক ৪ শতাংশ বেশি।
এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে সম্প্রতি জরিপ চালিয়েছে ডিএসসিসি। গত ৪ নভেম্বর প্রকাশিত জরিপের ফল অনুযায়ী, সংস্থাটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি উচ্চ ঝুঁকিপূর্ণ, ২৮টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১৮টি কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৩৬ সদস্যের একটি দল এ জরিপ চালায়।
এতে প্রতিটি ওয়ার্ড থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি পরিদর্শন করা হয়। জরিপে পরিদর্শন করা বাড়িগুলোর মধ্যে ৪০৩টিতে এডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া যায় বলে ডিএসসিসির প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে। এসব প্রজননস্থলের মধ্যে একক বাড়ি ও বহুতল ভবন উল্লেখযোগ্য। এ ছাড়া নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, খালি জায়গা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানিও মশার বংশবিস্তারের উৎস হিসেবে চিহ্নিত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন। ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। গত বছরের একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ৮০ হাজার ৬৩৪ এবং মৃত্যু ৩১৮ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আক্রান্ত ও মৃত— দুইয়ের সংখ্যাই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ডিএনসিসিও মশার প্রজননস্থল শনাক্ত, লার্ভিসাইড প্রয়োগ, ফগিং এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে। সংস্থাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদদের মাধ্যমে মশার ঘনত্ব ও প্রজননস্থল পর্যবেক্ষণের তথ্যও কাজে লাগাচ্ছে। জরিপে চিহ্নিত স্থানগুলোতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করছে ডিএনসিসি।
কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীত আসছে বলে ডেঙ্গুর ঝুঁকি কমে যাবে, এমন ধারণা বিপজ্জনক। তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টি ও জমে থাকা পানির পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে। ডিএনসিসি ও ডিএসসিসির চিহ্নিত ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে জরিপভিত্তিক কার্যক্রম কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার নিয়মিত মূল্যায়ন প্রয়োজন।
নগর কর্তৃপক্ষের ধারাবাহিক উদ্যোগ, বৈজ্ঞানিক মশকনিধন এবং নাগরিক সচেতনতা নিশ্চিত করা গেলে শীতেও ডেঙ্গুর বিস্তার কমিয়ে আনা সম্ভব। তাপমাত্রা খুব বেশি না কমলে শীতকালে ডেঙ্গু সংক্রমণ সহসা পুরোপুরি কমে না। নভেম্বরে সংক্রমণ অব্যাহত থাকা এবং ডিসেম্বরের আগে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি।
বিশেষ করে যেসব স্থানে পানি জমে থাকে, সেসব উৎস নিয়মিত পরিষ্কার করতে হবে এবং রোগীর আশপাশে দ্রুত ফগিং বা মশানাশক ছিটানোর ব্যবস্থা করতে হবে। শুধু ফগিং, ওষুধ ছিটানো কিংবা পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বরং কোথায় এডিস মশার লার্ভা জন্মাচ্ছে, কোন এলাকায় মশার ঘনত্ব বেশি এবং ব্যবহৃত কীটনাশক কার্যকর কি না, এসব তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।
তারা বলেন, শীতের অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই। এখনই ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে নিয়মিত নজরদারি, বাড়িভিত্তিক অভিযান এবং কীটনাশকের কার্যকারিতা যাচাই করতে হবে। একই সঙ্গে ভবনমালিক, নির্মাণপ্রতিষ্ঠান ও বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফলে নগরবাসীর করণীয় হিসেবে সপ্তাহে অন্তত একবার ফুলের টব, পানির ড্রাম, বালতি, ছাদের ট্যাঙ্ক ও পরিত্যক্ত পাত্র পরিষ্কার করা, পানি জমতে পারে এমন বস্তু সরিয়ে ফেলা এবং ভবনের বেজমেন্ট ও নির্মাণাধীন অংশ নিয়মিত পরীক্ষা করা উচিত।
শীত এলেই এডিস মশার প্রজনন ও ডেঙ্গু সংক্রমণ তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় না। তাপমাত্রা কমলে মশার বংশবিস্তার ও জীবনচক্রের গতি ধীর হতে পারে। কিন্তু তার প্রভাব পড়তে সময় লাগে। ফলে ছাদ, বারান্দা, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পানির ড্রাম, ভবনের বেজমেন্ট ও নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হয়ে উঠতে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মশার প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস করা। ঘরের পানির পাত্র, ভবনের বেজমেন্ট, গাড়ি পার্কিংয়ের স্থান, ছাদের পানির ট্যাঙ্ক এবং নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি নিয়মিত পরীক্ষা করতে হবে।
শুধু রাস্তায় ও নর্দমায় ওষুধ ছিটিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। আর উষ্ণতা ও বৃষ্টিপাতের কারণে নভেম্বরজুড়ে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য থাকতে পারে এবং ডিসেম্বরেও তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ও আর্দ্রতার ধরণে পরিবর্তন এসেছে, যা এডিস মশার জীবনচক্র ও বংশবিস্তার অনুকূলে রাখছে। ফলে ডেঙ্গুর মৌসুম এখন শুধু বর্ষায় সীমাবদ্ধ না থেকে শীতকালেও দীর্ঘায়িত হচ্ছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, মশকনিধনে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দিতে হবে। কোথায় লার্ভা বেশি পাওয়া যাচ্ছে, ব্যবহৃত কীটনাশক মশা মারতে কতটা কার্যকর এবং কোন পদ্ধতিতে ভালো ফল মিলছে, এসব নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন।
বৃষ্টি হওয়ার পরপরই প্রজননস্থল ধ্বংসে কার্যকর ব্যবস্থা নিলে সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। তবে তাপমাত্রা কমার প্রভাব মশার প্রজননে পড়তে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে। অর্থাৎ ক্যালেন্ডারে শীতের আগমন ঘটলেও নগরবাসীর জন্য ডেঙ্গুর ঝুঁকি শেষ হয়ে যাচ্ছে না। বিশেষ করে ঘরের ভেতর ও আশপাশে জমে থাকা স্বচ্ছ পানির উৎসগুলো নিয়মিত পরিষ্কার না করলে শীতেও এডিস মশার বিস্তার অব্যাহত থাকতে পারে।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি সপ্তাহে অন্তত একবার জমে থাকা পানি অপসারণের বিকল্প নেই। শুধু সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ মশকনিধন অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান ডিএসসিসির।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, এডিশ মশা নিয়ন্ত্রণে আমরা প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিভিত্তিক এই বিশেষ অভিযান পরিচালনা করছি। আমাদের প্রধান লক্ষ্য নগরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা করা। ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা সরকারি ভবন, বাসাবাড়ি ও পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করছেন। তবে শুধু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়, এ জন্য বাসাবাড়ি ও নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীরও দায়িত্ব।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে