শহরের ময়লা গ্রামে, রোগ-শোক আর দুর্ভোগে মানুষ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

চলাচলের পথ, ডোবা-নালা, পুকুর কিংবা মাছের ঘের, সবখানেই মিশে গেছে ময়লা-আবর্জনার বিষাক্ত পানি। বর্ষায় এ বিষাক্ত পানির প্রবাহ ভয়াবহ আকার

2026-11-15T16:46:24+00:00
2026-11-15T16:46:24+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
শহরের ময়লা গ্রামে, রোগ-শোক আর দুর্ভোগে মানুষ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম 
প্রায় ১০ কিলোমিটার দূরে নোয়াখালী পৌর শহরের সব ময়লা এনে রাখতে শুরু করে উন্মুক্ত ওই স্থানে। ছবি : সময়ের আলো
চলাচলের পথ, ডোবা-নালা, পুকুর কিংবা মাছের ঘের, সবখানেই মিশে গেছে ময়লা-আবর্জনার বিষাক্ত পানি। বর্ষায় এ বিষাক্ত পানির প্রবাহ ভয়াবহ আকার ধারণ করে। আর শুষ্ক মৌসুমে ময়লার ভাগাড়ে দিনরাত জ্বলে আগুন। এতে ধোঁয়ায় ছেয়ে যায় পুরো গ্রাম। দুর্গন্ধ নিত্য সঙ্গী। এতে স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর চর্ম ও শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন। মরে ভেসে উঠছে পুকুর ও ঘেরের মাছ। এমন দৃশ্য নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের শল্লা গ্রামের।

১৮৭২ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী পৌরসভা। একশত চুয়ান্ন বছরের প্রথম শ্রেণির এ পৌরসভায় প্রতিদিন অন্তত ৮০ টন বর্জ্য একত্রিত হয়। আর এসব বর্জ্যের অর্ধেক অপসারণ করতে পারে কর্তৃপক্ষ। যা শহর থেকে অন্তত পক্ষে ১০ কিলোমিটার দূরের গ্রাম ধর্মপুরের উন্মুক্ত স্থানে ভাগাড় করে রাখা হয়। ফলে এসব ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিষাক্ত পানি ও ধোঁয়ায় চর্ম এবং শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন উন্মুক্ত স্থানে এসব ময়লা আবর্জনা রাখার ফলে মানুষের পাশাপাশি মাছ, উদ্ভিদ ও প্রাণী বিনষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ বলছে, আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রস্তাব করা হয়েছে মন্ত্রণালয়ে।

আনোয়ার হোসেন নামে এক বাসিন্দা বলেন, গত দুই বছর পর্যন্ত কয়েকদিন পর পর তার হাতে ফোসকা উঠছে। ওষুধ খেলে যায়, কয়েকদিন পর আবারও দেখা দেয়। শুধু তার নয়। তার মাদরাসা পড়ুয়া ছেলে-মেয়ে ও স্ত্রীরও একই অবস্থা। মাসের অর্ধেক সময়ও তারা সুস্থ থাকেন না। হাতে, পায়ে বেশি দেখা দিচ্ছে এসব চর্ম রোগ। তার ভাষ্যমতে, তাদের গ্রামে যখন থেকে ময়লার ভাগাড় করা হয়েছে, তারপর থেকেই এমন ভোগান্তি হরহামেশা হচ্ছে।  

জামাল উদ্দিন নামে আরেক বাসিন্দা অভিযোগ করে বলেন, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের শল্লা গ্রামের এ অংশে দুই শতাধিক পরিবার বসবাস করেন। রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও কয়েকটি মসজিদ। রাস্তাঘাট অতটা উন্নত না হলেও চারিদিকে সবুজ। বাড়ি, পুকুর, ফসলি জমি ও মাছের ঘের। কখনও এলাকায় চর্মরোগ ও শ্বাসকষ্টজনিত রোগ এত বেশি ছিল না। কিন্তু ২০২৩ সালের দিকে হঠাৎ করে তাদের গ্রামে সমিতির দোকানের সড়ক ঘেঁষে ময়লা রাখতে শুরু করে নোয়াখালী পৌরসভা। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নোয়াখালী পৌর শহরের সব ময়লা এনে রাখতে শুরু করে উন্মুক্ত ওই স্থানে। শহরের ময়লায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের গ্রামের মানুষদের। দফায় দফায় আন্দোলনও করেছে স্থানীয় বাসিন্দারা। শুরুর দিকে তারা রাস্তায় নামার পর পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে এখানে আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ করবে। কিন্তু ৪ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তা করেনি।


তিনি আরও জানান, ৫ আগস্ট পরবর্তী ওই এলাকার কয়েক শত মানুষ সোনাপুর-সুবর্ণচর সড়কে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশে সড়ক অবরোধ করেন। তখন পৌর কর্তৃপক্ষ সেনাবাহিনী নিয়ে যায়। তখন সেনাবাহিনী তাদেরকে আশ্বস্ত করেন, ময়লার ভাগাড় এলাকায় সীমানা দেওয়াল ও ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু সেটাও এখন পর্যন্ত করেনি।

মোহছেনা বেগম জানান, তাদের পরিবারে সদস্য সংখ্যা ৭ জন। তার শ্বশুরের বয়স ৭০ এর মতো। ঘরে তিনটি শিশু রয়েছে। তাদের মাসজুড়েই চর্মরোগ দেখা দেয়। তার শ্বশুর সম্প্রতি ভুগছে শ্বাসকষ্টে। তিনি বলেন, বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন ভাগাড়ে আগুন দেওয়া হয়, তখন ধোয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। ওই সময় ঘরে থাকাও মুশকিল হয়ে পড়ে। আর বর্ষায় ময়লার কালো পানি পুকুর ও পথে পথে হয়ে যায়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জাম বলেন, শহরের বর্জ্রগুলোর মধ্যে অনেক ভারি বা হাসপাতালের বর্জ্যও রয়েছে। কিন্তু আধুনিক বর্জ্য ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ বর্জ্যগুলোকে খোলা জায়গায় রাখছে। ফলে ময়লাগুলো থেকে এক ধরণের পানি বা লিসেড উৎপন্ন হচ্ছে। যা অত্যন্ত বিষাক্ত। গবেষণায় দেখা যায়, এসব পানিতে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক ও মাইক্রো অর্গানিজম থাকবে। ফলে এগুলো আশপাশের খাল, পুকুর বা জমিতে গিয়ে পড়ার কারণে ভূ-উপরিভাগের পানির ডিজলম্ব অক্সিজেন কমিয়ে দেয়। এতে করে মাছ ও বিভিন্ন প্রকার জলজপ্রাণী অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। আবার হাসপাতালের বর্জ্য থাকার কারণে জীবাণু ছড়াচ্ছে আশপাশে। ফলে পার্শ্ববর্তী বাসিন্দারা যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, পশু-পাখির মাধ্যমে তা দূরে গিয়েও ছড়াচ্ছে। সব মিলিয়ে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পরিবেশ ও প্রতিবেশের নানা অনুসঙ্গও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নোয়াখালী পৌরসভার তথ্য অনুযায়ী, পৌর এলাকায় প্রতিদিন অন্তত ৮০ টন বর্জ্য তৈরি হচ্ছে। এর মধ্যে গড়ে ৪০ টন বর্জ্য সরানোর স্বক্ষমতা রয়েছে পৌরসভার। যা রাখা হচ্ছে শহর থেকে দূরে ধর্মপুর ইউনিয়নের শল্লাহ গ্রামে। ২০২২ সালে পৌর কর্তৃপক্ষ দ্বিতীয় ডাম্পিং স্টেশনের জন্য সেখানে সাড়ে ১২ একর জায়গা ক্রয় করে। স্থানীয়দের জানানো হয়, সেখানে তৈরি করা হবে আধুনিক বর্জ্য শোধনাগার। কিন্তু ৪ বছর অতিবাহিত হলেও তৈরি হয়নি শোধনাগার, ফলে দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের।

নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খান স্থানীয়দের নানা সমস্যা হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ইতোমধ্যে যাদের মাছ মারা গিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে স্থায়ীভাবে সমাধানের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। কিন্তু ধীরগীতে কাজ আগানোর কারণে বাস্তবায়ন করা এখনও সম্ভব হচ্ছে না। তবে বারবার চেষ্টা করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন করার। বাস্তবায়ন হলে এসব সমস্যা দ্রুত শেষ হবে।

তিনি আরও বলেন, ওই প্রকল্পে স্থানীয়দের জন্য একটি অস্থায়ী স্বাস্থ্য ক্লিনিকও ধরা হয়েছে। এছাড়া পুরো প্রকল্প এলাকা জুড়ে টেকসই বাঁধ, সীমানা দেওয়াল এবং বর্জ্য থেকে সার উৎপাদনের ব্যবস্থাও রয়েছে।

শহরের ময়লায় চাপা পড়ে বিনষ্ট হচ্ছে গ্রামের শত শত পরিবারের নারী-শিশুসহ সব বয়সী মানুষের স্বস্তি। তাই শুধু আশ্বাস না দিয়ে স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের।

সময়ের আলো/এনএন




  বিষয়:   শহর  ময়লা গ্রাম  রোগ-শোক  দুর্ভোগ  মানুষ  নোয়াখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: