প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:০১ এএম
ছবি : সংগৃহীত কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বড় সাফল্য পেয়েছেন জেলেরা। একটি ট্রলারের জালে ধরা পড়েছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি সুরমা মাছ। জেলেদের ভাগের ৩৫টি মাছ রেখে বাকি ৮২৫টি মাছ বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়। মাছগুলো কিনতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয় বলে জানা গেছে।
শাহপরীর দ্বীপের জেলেদের একটি ট্রলারে মাছগুলো ধরা পড়ে শনিবার। ট্রলারের মালিক মোহাম্মদ শফিক (৪০) জানান, শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে মাছগুলো বিক্রি করেন তিনি। শনিবার রাতেই এসব মাছের একটি অংশ কক্সবাজার এবং বাকি অংশ ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়।
ট্রলারের মালিকের দেওয়া তথ্যমতে, ধরা পড়া ৪৬০টি লাল কোরালের মোট ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি। অন্যদিকে ৪০০টি সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। প্রতিটি লাল কোরালের ওজন ছিল এক থেকে পাঁচ কেজি এবং চাপা সুরমার ওজন এক থেকে দেড় কেজি। জেলেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে দেওয়া হয়।
জেলেরা জানান, মাছগুলোর প্রাথমিক দাম চাওয়া হয়েছিল ১২ লাখ টাকা। পরে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ লালু ১০ লাখ টাকায় পুরো চালানটি কিনে নেন। এর মধ্যে লাল কোরাল বিক্রি হয় ৭ লাখ ৮০ হাজার এবং সুরমা ২ লাখ ২০ হাজার টাকা।
ট্রলারের মাঝি হাফেজ উল্লাহ বলেন, ১১ জন মাঝিমাল্লা নিয়ে শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া ঘাট থেকে সাগরের উদ্দেশে যাত্রা করেন তারা। শনিবার সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে জাল তুলতেই বিপুল পরিমাণ লাল কোরাল ও সুরমা মাছ দেখতে পান। পরে মাছ নিয়ে ঘাটে ফিরে আসেন তারা।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, পর্যটন মৌসুম শুরু হওয়ায় লাল কোরাল ও সুরমা মাছের চাহিদা বেড়েছে। কক্সবাজারের বিভিন্ন হোটেল ছাড়াও ঢাকা ও চট্টগ্রামের বাজারে এসব মাছের ভালো কদর রয়েছে। এ কারণে মাছগুলো কেনার জন্য ব্যবসায়ীদের আগ্রহ ছিল বেশি।
স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, লাল কোরাল সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করে। শীতকালে ঝাঁক বেঁধে সেন্ট মার্টিনের প্রবাল ও পাথুরে এলাকায় আসে। এসব স্থানে জাল ফেলা কঠিন হওয়ায় জেলেরা অনেক সময় বড়শি ব্যবহার করে কোরাল শিকার করেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, লাল কোরাল ও সুরমা অত্যন্ত সুস্বাদু মাছ। একসময় স্থানীয় বাজারে এসব মাছ সহজেই পাওয়া যেত। তবে বর্তমানে তুলনামূলক কম দেখা যায়। একটি লাল কোরালের ওজন সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হতে পারে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে