৪ হাজার ৩০০ ইউনিয়ন, ভোট হবে পাঁচ ধাপে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে

2026-11-17T01:58:21+00:00
2026-11-17T02:06:04+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জাতীয়
৪ হাজার ৩০০ ইউনিয়ন, ভোট হবে পাঁচ ধাপে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৫৮ এএম  আপডেট: ১৭.১১.২০২৬ ২:০৬ এএম
সংগৃহীত ছবি
পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হতে পারে। কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সোমবার নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। পঞ্চম ধাপে ইউনিয়নের সংখ্যা তুলনামূলক কম রাখা হয়েছে। আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরবর্তী সময়ে এ ধাপে অন্তর্ভুক্ত করা হতে পারে।

১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।

সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন। সংলাপে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে দলগুলোর মতামত নেওয়া হবে।

প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, ২১ জানুয়ারিকে সম্ভাব্য সময় ধরে এর ৫০ দিন আগে বা পরে নির্বাচন হতে পারে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

স্থানীয় সরকার নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, এতে নেতিবাচক প্রভাব পড়বে বলে কমিশন মনে করে না। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করবে।

তফসিলের দিন কার্যকর আইনেই নির্বাচন

নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন তফসিল ঘোষণার দিন কার্যকর আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানান সানাউল্লাহ।

স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো দাবি এখনও কমিশনের কাছে আসেনি। জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বাহিনীগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা

কমিশন সভায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর কাজে চলমান সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে। সানাউল্লাহ জানান, গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছে। তবে এতে এনআইডির অন্যান্য সেবা বন্ধ হয়নি। সমস্যাটি চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে।

তিনি বলেন, কারও এনআইডি অনুমোদিত হলে তিনি নিজেই ওয়েবসাইট থেকে সেটি প্রিন্ট করে ল্যামিনেট করে ব্যবহার করতে পারবেন।

এনআইডি সেবার চুক্তি নবায়ন না হওয়া এবং অতীতের অডিট আপত্তি নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। পাশাপাশি একটি অডিট আপত্তিও অনিষ্পন্ন রয়েছে। এ অবস্থায় কীভাবে কার্যক্রম চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে কমিশন কাজ করছে।

সানাউল্লাহ বলেন, চুক্তি ছাড়াই কিছু কার্যক্রম চলছে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধান করে স্মার্ট কার্ড পূর্ণ সক্ষমতায় ছাপানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কমিশনের সব কার্যক্রম চুক্তির আওতায় পরিচালনার সিদ্ধান্ত রয়েছে। তবে জাতীয় সেবা হওয়ায় এনআইডি কার্যক্রম বন্ধ রাখা সম্ভব নয়।

ইভিএম নিষ্পত্তিতে গাজীপুর থেকে কাজ শুরু

আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির অগ্রগতি নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে।

সানাউল্লাহ জানান, ইভিএম নিষ্পত্তির কাজ গাজীপুর থেকে শুরু হবে। সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। প্রথমে মাঠপর্যায়ে বিভিন্ন স্থানে থাকা ইভিএমের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

ইভিএম নিষ্পত্তিতে পরিবেশগত ঝুঁকি ও আর্থিক ক্ষতির বিষয়টি এখনও কমিশনের আলোচনায় আসেনি বলে জানান তিনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের অপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, ইভিএম নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যায়েও আলোচনা বা তদন্ত রয়েছে। এসব প্রক্রিয়া নিষ্পত্তির পর ইভিএমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   দেশ  ইউনিয়ন পরিষদ  ইউপি  নির্বাচন  আয়োজন  পরিকল্পনা  নির্বাচন কমিশন  ইসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: