প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ এএম
মার্কিন পপ তারকা বিয়ন্সে। ছবি : সংগৃহীত সংগীতজগতে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। গ্র্যামি অ্যাওয়ার্ডের ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে ১০০টি মনোনয়ন পাওয়ার অনন্য রেকর্ড গড়েছেন তিনি।
সম্প্রতি ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। এবারের আসরে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এগিয়ে রয়েছেন ব্রিটিশ গায়িকা রায়ে। ৯টি মনোনয়ন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্প্যানিশ গায়িকা রোজালিয়া। এলা ল্যাংলি, মিরান্ডা ল্যামবার্ট, অলিভিয়া রদ্রিগো ও ফোবি ব্রিজার্স পেয়েছেন সাতটি করে মনোনয়ন। ব্রুনো মার্স, লিওন থমাস ও অলিভিয়া ডিন পেয়েছেন ছয়টি করে মনোনয়ন। পাঁচটি মনোনয়ন পেয়েছেন টেইলর সুইফট। তবে মাত্র ১টি মনোনয়ন দিয়েই নতুন ইতিহাস গড়েছেন বিয়ন্সে।
বিয়ন্সের শততম মনোনয়ন এসেছে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের সুবাদে। গানটি ২০২৭ সালের গ্র্যামিতে সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়েছে। তার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘বিডে’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত সংগীত প্রকল্পের সঙ্গে যুক্ত এই গানটি নতুন করে শ্রোতাদের আলোচনায় এসেছে।
গ্র্যামিতে বিয়ন্সের পথচলা শুরু ২০০০ সালে। সে সময় তার দল ডেসটিনিজ চাইল্ডের গান ‘বিলস, বিলস, বিলস’ মনোনয়ন পেয়েছিল। দলটির সদস্য হিসেবে প্রথম তিনটি গ্র্যামি জেতেন তিনি। পরে একক সংগীতজীবন শুরু করে ২০০৪ সালে ‘ডেঞ্জারাসলি ইন লাভ’ অ্যালবামের জন্য পাঁচটি পুরস্কার অর্জন করেন।
এরপর লেমনেড, রেনেসাঁসহ একাধিক অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে নিজের অবস্থান আরও শক্ত করেন বিয়ন্সে। ২০২৩ সালে ৩২টি গ্র্যামি জিতে পুরস্কারটির ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যামি পাওয়া শিল্পী হওয়ার রেকর্ড গড়ে ন তিনি। ২০২৫ সালে ‘কাউবয় কার্টার’ অ্যালবামের জন্য তিনটি পুরস্কার জিতে তার মোট গ্র্যামি সংখ্যা দাঁড়ায় ৩৫-এ।
২০২৫ সালে কাউবয় কার্টারের জন্য প্রথমবারের মতো বর্ষসেরা অ্যালবামের পুরস্কারও পান বিয়ন্সে। এটির সুবাদে সেরা কান্ট্রি অ্যালবাম বিভাগেও পুরস্কার জেতেন তিনি। এখন পর্যন্ত ৩৫টি গ্র্যামি জয় এবং ১০০টি মনোনয়ন— দুই ক্ষেত্রেই অনন্য অবস্থানে রয়েছেন বিয়ন্সে। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর।
সময়ের আলো/প্রিন্ট/জেডি