মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে চিত্রনায়িকা পরীমণি । ছবি : সংগৃহীতআদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের স্পর্শে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, প্রায় ছয় বছর ধরে আদালতে যাওয়া-আসার পথে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর কারও সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি। অথচ একজন সাংবাদিক তাকে স্পর্শ করায় আপত্তি জানাতে হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক ওই ঘটনার বিষয়ে কথা বলেন পরীমণি।
তিনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরেছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’
পরীমণি আরও বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের সাংবাদিকেরা—সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারও সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’
এ দিকে, পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন নতুন এ তারিখ নির্ধারণ করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এ জন্য সকাল সাড়ে ১০টার দিকে আদালতে উপস্থিত হন পরীমণি। তবে সেখানে গিয়ে জানতে পারেন, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তর করা হয়েছে। পরে তিনি সিএমএম আদালতে হাজির হলে বিচারক শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব (বর্তমান এসআরবি)। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে পরীমনি ও তার সহযোগীকে আটক করা হয়। পরদিন ৫ আগস্ট র্যাব-১-এর পক্ষ থেকে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র না থাকার বিষয়টি উল্লেখ করা হয়। এ ছাড়া তার নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স থাকলেও পরবর্তী সময়ে সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার তথ্য তুলে ধরা হয়।
মামলার অপর দুই আসামি হলেন পরীমণির ব্যবস্থাপক আশরাফুল ইসলাম দিপু ও তার খালু কবীর হোসেন হাওলাদার। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ ও সংরক্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটির অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া আবার শুরু হয়।
দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে চলা এ মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ২৩ ডিসেম্বর।
সময়ের আলো/এসকে