ছবি : সংগৃহীতবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে প্রকাশ্যে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমক দিয়েছেন চিত্রনায়ক ও জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান। রোববার (১৫ নভেম্বর) একটি মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে হেলাল খান বলেন, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর।’ জয় কথা বলার চেষ্টা করলে তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘চুপ, একদম চুপ।’ এ ঘটনায় কিছু সময়ের জন্য এফডিসি প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, দিঠি আনোয়ার, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে যোগ দেননি জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য। বিষয়টি নিয়েই ক্ষুব্ধ হন হেলাল খান।
মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয় চৌধুরীসহ কয়েকজনকে বসে থাকতে দেখেন হেলাল খান। তাঁদের মানববন্ধনে অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে জয় পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করেন। তবে তাঁর বক্তব্যে সন্তুষ্ট না হয়ে উপস্থিত ব্যক্তিদেরও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেন হেলাল খান। এফডিসিকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার কথাও বলেন তিনি।
ঘটনার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে জয় চৌধুরী দাবি করেন, পুরো বিষয়টি একটি ভুল–বোঝাবুঝি থেকে ঘটেছে। তাঁর ভাষ্য, শিল্পী সমিতির কার্যালয়ের সামনে বসে থাকা ব্যক্তিরা ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত। তায়েবের জন্মদিন উপলক্ষে কেক কাটতে তাঁরা এফডিসিতে এসেছিলেন। তবে তায়েবের আসতে দেরি হওয়ায় সেখানে অপেক্ষা করছিলেন।
জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে।’ ওই ব্যক্তিরা কখন এফডিসিতে এসেছেন, সে বিষয়ে ডি এ তায়েবও অবগত ছিলেন না বলে জানান জয়।
উল্লেখ্য, হেলাল খান ও জয় চৌধুরী একই চলচ্চিত্রভিত্তিক সাংগঠনিক প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এর দায়িত্বশীল পদে রয়েছেন। চলতি বছরের আগস্টে চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত হয় এই প্ল্যাটফর্ম। ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হন হেলাল খান। সদস্যসচিবের দায়িত্ব পান শিবা শানু এবং মুখপাত্র করা হয় জয় চৌধুরীকে। ফলে একই সংগঠনে দায়িত্ব পালন করা দুই নেতার প্রকাশ্য বিরোধের ঘটনা চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কে এই হেলাল খান?
নব্বইয়ের দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন হেলাল খান। ১৯৯৪ সালে ‘প্রিয় তুমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’ ও ‘জুয়াড়ি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন এই অভিনেতা। বর্তমানে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ‘এক জবান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জয় চৌধুরীর। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রশিল্পীদের সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। এর আগে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ৩ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জয় চৌধুরী। একই নির্বাচনে সভাপতি হন শিবা শানু।
সময়ের আলো/জেডি