প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:২৭ পিএম
ছবি : সংগৃহীতবাংলা মঞ্চনাটকের জনপ্রিয় ও কালজয়ী নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ নতুন প্রযোজনায় মঞ্চে আনছে ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোর। দলটির ১৮তম প্রযোজনা হিসেবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। একই স্থানে ২০ নভেম্বর নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের ‘মিস্টার পুনতিলা অ্যান্ড হিজ ম্যান মাট্টি’ অবলম্বনে নাটকটির বাংলা রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর। ১৯৭৭ সালে আলী যাকেরের নির্দেশনায় নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। নতুন প্রজন্মের দর্শক ও নাট্যকর্মীদের সঙ্গে এই জনপ্রিয় নাটকের পরিচয় করিয়ে দিতে প্রাঙ্গণেমোরের এ উদ্যোগ। নতুন প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
নাটকটি নতুন করে মঞ্চে আনার কারণ ব্যাখ্যা করে নির্দেশক নূনা আফরোজ বলেন, গত প্রায় তিন দশকে থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া অনেক শিল্পী ও দর্শকের নাটকটি দেখার সুযোগ হয়নি। ব্রেখটের কালজয়ী নাটক এবং আসাদুজ্জামান নূরের অনবদ্য বাংলা রূপান্তর নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাদের অন্যতম উদ্দেশ্য। সময়োত্তীর্ণ নাটক নিয়ে নতুন করে কাজ ও নিরীক্ষার মাধ্যমে থিয়েটার চর্চা আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, সবুক্তগীন শুভ, শিশির চৌধুরী রাহুল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, তমা হোসেন, ফারজু ফারহান, সাজিদ আহমেদ রনি, মো. কামাল হোসেন, রকিউজ্জামান সোহেল, ফাহিম মুনতাসির ও নাঈম হাসান।
প্রাঙ্গণেমোরের প্রত্যাশা, নতুন এ মঞ্চায়নের মধ্য দিয়ে পুরোনো দর্শকদের স্মৃতিতে ফিরবে ‘দেওয়ান গাজীর কিসসা’; পাশাপাশি নতুন দর্শকরাও পরিচিত হবেন বাংলা নাটকের এই অনন্য সৃষ্টির সঙ্গে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি