জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান। বিপুল অস্ত্রের ভাণ্ডার জব্ধসহ গ্রেফতার ৩। ছবি : সময়ের আলোবরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত ‘জর্দা শামীম’-এর সহযোগীদের একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল। এ সময় সাতটি বিদেশি পিস্তল ও একটি এয়ারগানসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র, পিস্তলের ৩৩টি ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন-শাহে আলম (৫০), বি.এম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
বুধবার (১৮ নভেম্বর) বরিশাল এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায়, আলোচিত জর্দা শামীম গ্রেফতার হওয়ার পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে অবস্থিত তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়। পরবর্তীতে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে এসব অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর একটি দল বাটাজোর এলাকার ওই বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটিতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলভার এবং একটি এয়ারগানসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
একই সঙ্গে উদ্ধার করা হয় ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলভারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড কার্তুজ এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ। সব মিলিয়ে মোট ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। এছাড়া উদ্ধার করা অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগ।
ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীম’-এর বিরুদ্ধে অবৈধ অস্ত্রের জোরে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ৬ মে দিবাগত রাতে রংপুরের সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতার তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাশাপাশি উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস কোথায়, কেনাবেচার সঙ্গে আর কারা জড়িত এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কার্যক্রমে ব্যবহার করা হয়েছিল কি না— তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।
সময়ের আলো/আতা