প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শীলখালী রেঞ্জের বনাঞ্চলে আহত একটি বন্যহাতির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ছবি : সময়ের আলোকক্সবাজারের টেকনাফের বাহারছড়া শীলখালী রেঞ্জের বনাঞ্চলে আহত একটি বন্যহাতির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। দুই দিন পর বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বন বিভাগের উদ্যোগে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন বিভাগ ও চিকিৎসক দলের সদস্যরা হাতিটির সন্ধানে বনাঞ্চলে তল্লাশি চালান। পরে হাতিটির অবস্থান শনাক্ত করে দুপুরের দিকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।
টেকনাফের শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম জানান, শীলখালীর গভীর বনাঞ্চলে আহত হাতিটির অবস্থান শনাক্তের পর ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের একটি চিকিৎসক দল হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়।
তিনি আরও জানান, চিকিৎসার সময় হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে দুটি ক্ষত পায়ে এবং বাকি ছয়টি শরীরের বিভিন্ন স্থানে রয়েছে।
এর আগে জাহাজপুরা গর্জন বাগান এলাকায় দুটি বন্যহাতিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় স্থানীয়রা একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে আহত হাতিটির সন্ধানে বন বিভাগের সদস্যরা বনের ভেতরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়।
সময়ের আলো/এসএকে