প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশি আটক। ছবি : সময়ের আলোশেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুরুঙ্গা শয়তানের মোড় এলাকায় বারমারী ক্যাম্পের টহলদল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), মাদবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), দেয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫), হাসান (২৫) ও রাতাহারি গ্রামের মেসবাউল (২০) এবং চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের শামিম (২৩), রসুলপুর গ্রামের আব্দুল করিম (২১), শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪) ও বোর্ডপাড়া এলাকার রুবেল (৩০)।
বিজিবি জানায়, মঙ্গলবার রাতে তারা মানব পাচারকারীদের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির টহল দল তাদের আটক করে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার সকালে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর জেলার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে দিনরাত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আতা