প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:০২ পিএম
ছবি : সময়ের আলোগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রেফতার ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে থানা, বিজিবির টহল দল ও সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ৩০টি যানবাহন পুড়ে গেছে। ঘটনার পর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে টুঙ্গিপাড়া।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানা, নিলফা বাজার এবং পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে এসব ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া যানবাহনের মধ্যে রয়েছে টুঙ্গিপাড়া থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল, বিজিবির একটি সাঁজোয়া যানসহ টহলের চারটি গাড়ি এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির একটি গাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংগঠনের চার-পাঁচজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন বিশ্বাস কালু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন। তবে পুলিশ সেই আলটিমেটামে সাড়া দেয়নি।
পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা থানা ঘেরাও করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হন। তারা থানার ভেতরে থাকা গাড়ি ও মালামালে আগুন দেন। এতে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়।
পরে বিক্ষোভকারীরা সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিলে সেখানে একটি গাড়ি পুড়ে যায়। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নিলফা এলাকায় বিজিবির একটি সাঁজোয়া যানসহ চারটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে