জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর কেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধচক্র ‘ইয়াসিন নেটওয়ার্ক’-এর ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।

2026-11-18T18:44:39+00:00
2026-11-18T18:44:39+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেফতার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম 
সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেফতার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর কেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধচক্র ‘ইয়াসিন নেটওয়ার্ক’-এর ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতভর নগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামি ও হাটহাজারী থানা এলাকায় জেলা সাইবার ইউনিটের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতাররা হলেন মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান এবং মো. আনোয়ার হোসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে ভয়ংকর সব অপরাধমূলক কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তৎকালীন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্য হত্যা, যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালানো, সংযোগ সড়ক কেটে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের পানির সরবরাহে বিষ প্রয়োগের মতো গুরুতর অপরাধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি চক্রটি ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের ফেসবুক পেজসহ বিভিন্ন বেনামি আইডি ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাইবার প্রোপাগান্ডা ও উসকানিমূলক অপপ্রচার চালিয়ে আসছিল।

পুলিশ আরও জানায়, অপরাধ চক্রের মূলহোতা ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে আব্দুর শুক্কুর তার সকল অবৈধ কর্মকাণ্ড, জমি দখল এবং বেচাকেনার ব্যবস্থাপনা পরিচালনা করতেন। গ্রেফতার হওয়া মেহেদী হোসেন ও সাকিবুল হাসান সম্পর্কে ইয়াসিনের আপন বোনের ছেলে এবং তারা আলিনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজের মূল অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া আনোয়ার হোসেন বিভিন্ন ভুয়া আইডি থেকে সামাজিক মাধ্যমে অপপ্রচারে যুক্ত ছিলেন এবং পারভেজ মোশারফ ইয়াসিনের অন্যতম প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন।

তদন্তে জানা গেছে, ইয়াসিনের সরাসরি নির্দেশনায় এই নেটওয়ার্কটি বিভিন্ন অপরাধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করত। ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি ব্যবহার করে যৌথ বাহিনীর অপারেশন এবং সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনসাধারণের মাঝে প্রশাসনবিরোধী মনোভাব তৈরি এবং আইনানুগ কার্যক্রমে বাধা সৃষ্টির পাঁয়তারা করা হতো। সমন্বিত লাইক, কমেন্ট, শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব উসকানিমূলক কনটেন্ট দ্রুত ছড়িয়ে দেওয়া হতো।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের কাছ থেকে ৮টি অ্যান্ড্রয়েড ও ২টি সাধারণ বাটন মোবাইল ফোন জব্দ করেছে। উদ্ধার করা এসব ডিজিটাল ডিভাইস ইতোমধ্যে ফরেনসিক পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য নেপথ্য কুশীলব, অর্থদাতা এবং প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশের গোয়েন্দা নজরদারি ও তদন্ত অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের মোবাইল ডিভাইসগুলো পর্যালোচনা করে এখন পর্যন্ত ৩৯টি সন্দেহজনক ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে। এসব পেজ ও আইডির কার্যক্রম নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধের সত্যতা মিললে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  সীতাকুণ্ড  জঙ্গল সলিমপুর  চিহ্নিত সন্ত্রাসী  অপরাধচক্র  ইয়াসিন নেটওয়ার্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: