নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, তদন্তে মেলেনি যমজ সন্তানের প্রমাণ

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যে নতুন তথ্য সামনে এসেছে।

2026-11-18T18:46:54+00:00
2026-11-18T18:46:54+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, তদন্তে মেলেনি যমজ সন্তানের প্রমাণ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম 
বলাকা ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার। ছবি : সময়ের আলো
নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যে নতুন তথ্য সামনে এসেছে। জেলা সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রসূতির গর্ভে যমজ সন্তান থাকার দাবির পক্ষে নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রাফির প্রমাণ পাওয়া যায়নি। বরং জমা দেওয়া আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও এর সঙ্গে থাকা ছবি বিশ্লেষণ করে তদন্ত কমিটির ধারণা, গর্ভে একটি সন্তানই ছিল। এতে নবজাতক চুরির অভিযোগের ভিত্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হলে জেলা সিভিল সার্জন নওগাঁ মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শরীফ চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটি সংশ্লিষ্ট চিকিৎসক, অপারেশন টিমের সদস্য, রোগীর স্বজন এবং আল্ট্রাসনোলজিস্টদের বক্তব্য নেয়। পাশাপাশি বিভিন্ন আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও সংযুক্ত ছবিও পরীক্ষা করা হয়। গত শনিবার (১৪ নভেম্বর) জেলা সিভিল সার্জনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রোপচারের আগে রোগী ও তার স্বজনদের প্রয়োজনীয় কাউন্সেলিং করা উচিত ছিল। কিন্তু অপারেশনকারী সার্জন ও সংশ্লিষ্ট চিকিৎসক দল এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। বিশেষ করে একাধিক আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় বিষয়টি আরও সতর্কতার সঙ্গে রোগী ও তার পরিবারকে বুঝিয়ে বলা প্রয়োজন ছিল। একটি রিপোর্টে গর্ভে একটি সন্তান এবং অন্য দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ থাকলেও এ নিয়ে তাদের পরিষ্কার ধারণা দেওয়া হয়নি। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল্ট্রাসনোগ্রাফি শতভাগ নির্ভুল কোনো পরীক্ষা নয়। গর্ভকাল বাড়ার সঙ্গে সঙ্গে গর্ভে একটি নাকি একাধিক সন্তান রয়েছে, তা শনাক্ত করার ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা থাকতে পারে। 

গত ২১ অক্টোবরের একটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ করা হয়েছিল। সেখানে একটি শিশুর ওজন ২ কেজি ৩৩১ গ্রাম এবং অন্যটির ওজন ২ কেজি ৪৮৬ গ্রাম দেখানো হয়। কিন্তু প্রসবের পর জন্ম নেওয়া নবজাতকের ওজন পাওয়া যায় ৩ কেজি ৭০০ গ্রাম, যা একটি শিশুর স্বাভাবিক ওজনের মধ্যেই পড়ে। এ ছাড়া আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট সংরক্ষণের রেজিস্টারেও যমজ সন্তানের কোনো তথ্য পাওয়া যায়নি।

তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে, তা হলো আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের সঙ্গে দেওয়া ছবিগুলোতে একই সময়ে দুটি শিশুর মাথা, হৃদপিণ্ড কিংবা পেটের উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, গর্ভে যমজ সন্তান থাকার দাবিকে সমর্থন করার মতো প্রয়োজনীয় চিত্রগত তথ্য ছিল না। এ কারণে পরবর্তী দুটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের উল্লেখ ভুল হয়ে থাকতে পারে বলে মনে করছে তদন্ত কমিটি। স্থানীয় অভিজ্ঞ আল্ট্রাসনোলজিস্ট ও রেডিওলজিস্ট ডা. এ.এস. রেজাউল মাহমুদও এ বিষয়ে একই মত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৫ নভেম্বর নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুলের মেয়ে প্রসূতি শান্তনা আক্তারকে সন্তান প্রসবের জন্য শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। ওইদিন বিকেল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যাশিশুর জন্ম হয়।

তবে আগের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টগুলোতে গর্ভে যমজ সন্তান থাকার কথা উল্লেখ থাকায় সন্তান জন্মের পরই জটিলতা তৈরি হয়। পরিবারের সদস্যদের দাবি ছিল, তাদের জানানো হয়েছিল গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু অস্ত্রোপচারের পর তাদের হাতে দেওয়া হয় শুধু একটি কন্যাশিশু।

এ ঘটনায় পরিবারের মধ্যে ক্ষোভ ও সন্দেহ দেখা দেয়। তাদের প্রশ্ন, গর্ভে যমজ সন্তান থাকার কথা জানানো হলে অস্ত্রোপচারের পর একটি নবজাতক কোথায় গেল? এর সঠিক ব্যাখ্যা না পেয়ে নবজাতকের বাবা শান্ত ইসলাম ন্যায়বিচারের দাবিতে নওগাঁ সদর থানায় মামলা করেন। মামলায় বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক, অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. ইসকেন্দার হোসেন এবং অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুনসহ আটজনকে আসামি করা হয়।

এ ঘটনার সূত্র ধরে গত ১২ নভেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী একটি ছেলে নবজাতকসহ মলিনা (৪০) নামের এক নারীকে আটক করে পুলিশ। ওই নারী দাবি করেন, তারা শিশুটিকে দত্তক নিয়েছেন। তবে উদ্ধার হওয়া নবজাতকটি বলাকা ক্লিনিক থেকে কথিত নিখোঁজ হওয়া শিশুটি কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে।


বগুড়ার আলবারাকা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. বিপুল জানান, গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে তার প্রতিষ্ঠানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে নবজাতকের জন্ম হয়েছিল। তবে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না। পরবর্তী সময়ে এ ঘটনাকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে বলে শুনেছেন তিনি। 

অন্যদিকে বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, তার ক্লিনিকের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে সেখানে সিজারিয়ান অপারেশন করা হয়েছিল। ওই অপারেশনে একটি নবজাতকের জন্ম হয় এবং এ-সংক্রান্ত সব প্রমাণ তাদের কাছে সংরক্ষিত রয়েছে। 

তিনি দাবি করেন, ক্লিনিকে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি। তারপরও তাকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। তার সুনাম নষ্ট করতে একটি গোষ্ঠী প্রকৃত ঘটনা আড়াল করে পরিকল্পিতভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তদন্ত কমিটির প্রতিবেদনেও বিষয়টি প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বগুড়া থেকে উদ্ধার হওয়া নবজাতকটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ করা শিশুটি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   নওগাঁ  নবজাতক চুরি  যমজ সন্তান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: