ভাঙারির দোকানে বিক্রি হচ্ছে বিপজ্জনক বর্জ্য। ছবি : সময়ের আলো খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের মেডিকেল বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা কার্যক্রমে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র সামনে এসেছে। সুনির্দিষ্ট কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক বাজেট ছাড়াই নামমাত্র সার্ভিস চার্জ এবং একটি বেসরকারি সংস্থার ওপর ভর করে চলছে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই কার্যক্রম। অভিযোগ রয়েছে, যথাযথ তদারকির অভাবে ওয়ার্ডগুলোর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে সংগৃহীত বিপজ্জনক মেডিকেল বর্জ্য নিয়মবহির্ভূতভাবে খোলাবাজারের ভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া হচ্ছে।
কেসিসির সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন প্রায় ৪৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য অপসারণ করা হয়। তবে ঝুঁকিপূর্ণ এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য কেসিসির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তহবিল বা বাজেট বরাদ্দ নেই। বর্জ্য ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সার্ভিস চার্জের আওতায় প্রতিটি ক্লিনিক থেকে প্রতি মাসে মাত্র ৩০০ টাকা করে আদায় করা হয়। সংশ্লিষ্টদের মতে, এই সামান্য অর্থে ৪৭টি প্রতিষ্ঠানের বর্জ্য অপসারণ ও নিরাপদ উপায়ে ধ্বংস করার মতো বিশাল খরচ মেটানো কোনোভাবেই সম্ভব নয়।
পর্যাপ্ত বরাদ্দ না থাকা সত্ত্বেও কেন এবং কীভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, কেসিসির যথাযথ নজরদারির অভাবে একটি চক্র এই বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এমনকি এই কাজে নিয়োজিত শ্রমিকদের নিয়োগ ও তদারকির প্রক্রিয়াও বেশ অস্পষ্ট।
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত গাড়িচালক ফারুকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ক্লিনিকগুলো থেকে সংগ্রহ করা মেডিকেল বর্জ্য নিরাপদ দূরত্বে ধ্বংস করার পরিবর্তে আলাদা করে সরাসরি ভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এসব চিকিৎসা বর্জ্য কার নির্দেশে এবং কোন মহলের ছত্রছায়ায় খোলাবাজারে বিক্রি হচ্ছে, তা নিয়ে নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সচেতন মহল পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে ‘সদিচ্ছা মানব কল্যাণ সংস্থা’র খুলনা প্রধান জীবন রত্ন কর বলেন, সংস্থার পক্ষ থেকে আমি নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণের কাজটি করছি। তবে গাড়িচালক ফারুক যে বর্জ্য বা মালামাল বিক্রি করে, তা আমার জানা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু মালামাল রেখে দেয়, বাকি যা থাকে সেখান থেকে সে হয়তো কিছু বিক্রি করে থাকতে পারে— বিষয়টি আমার নলেজের বাইরে।
এ বিষয়ে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান বলেন, আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ীই ‘সদিচ্ছা’ ও ‘প্রদীপন’ কাজ করছে। আমরা তাদেরকে মেডিকেল বর্জ্য সংগ্রহ করে আমাদের রাজবাধে ডাম্পিং করার অনুমোদন দিয়েছি। এখানে যদি উৎসে আলাদা করা (সোর্স সেপারেশন) হতো, তাহলে এমনটা হতো না। আমরা যে ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করেছি, তা চালু হলে বর্জ্য শোধন হয়েই ল্যান্ডফিলে যাবে।
তবে বর্জ্য বিক্রির অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের সবচেয়ে বড় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি শলুয়ায় অবস্থিত, যা আগামী ডিসেম্বরে চালু করা হবে। এ ছাড়া মাথাভাঙায় আরেকটি প্রকল্প ইতোমধ্যে চালু করা হয়েছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও আমরা কাজ করছি এবং মেশিনের ট্রায়াল সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ডিসেম্বরেই এটি পুরোদমে চালু হবে। মেডিকেল বর্জ্য নিয়ে কাউকে কোনো ধরনের অনৈতিক ব্যবসা করতে দেওয়া হবে না।
সময়ের আলো/আতা