প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম
ছবি : সংগৃহীতআওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সব বৈধতা হারিয়েছে। দলটি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের গত ১৫-১৬ বছরের শাসনকাল, সাম্প্রতিক বিশৃঙ্খলা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পোস্টে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দলটির রাজনৈতিক চরিত্রে গণতন্ত্র নেই। তাদের রাজনীতি সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতননির্ভর। এসব কর্মকাণ্ডের কারণে দলটি দেশের মানুষের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দিচ্ছেন। গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে।
সালাউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে হামলার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে হত্যা তাদের পুরোনো অভ্যাস।
তবে সরকার আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার হিসেবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হবে না। নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশ্বাসী; নির্দোষ মানুষকে ধরে নেওয়ার নীতিতে বিশ্বাস করে না। তবে আত্মরক্ষার প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ও প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে।
টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সময়ের আলো/এসএকে