বিভিন্ন সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ১৪ উপদেষ্টা। সংগৃহীত ছবি লন্ডনে জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও সংসদ সদস্য নাহিদ ইসলামের ওপর হামলা এবং বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ১৪ উপদেষ্টা। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাবেক উপদেষ্টারা এসব দাবি জানান। লন্ডনে হামলায় জড়িত ব্যক্তিদের যুক্তরাজ্যের প্রচলিত আইন, বিশেষ করে সন্ত্রাসবিরোধী আইনে বিচারের মুখোমুখি করার জন্য দেশটির সরকারের প্রতিও আহ্বান জানান তারা।
বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে জুলাই আন্দোলনের নেতা, সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং তার সহকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ছয়জন ব্রিটিশ নাগরিক আহত হন। তাদের কয়েকজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সাবেক উপদেষ্টাদের মতে, লন্ডনের এই হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের অভিযোগ, এটি আন্তদেশীয় সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরির একটি সমন্বিত প্রচেষ্টার অংশ। ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচিত সরকার এবং জুলাই আন্দোলনের শক্তিগুলোকে দুর্বল করার চেষ্টা করছেন।
বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোও উল্লেখ করা হয়। এতে বলা হয়, গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের কর্মীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে থানা, জুলাই আন্দোলনের নেতা ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রয়েছে।
এ ছাড়া সাধারণ মানুষের ওপর হামলা, বিভিন্ন স্থাপনায় বোমা হামলা এবং গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সাবেক উপদেষ্টারা আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ আর্থসামাজিক প্রতিষ্ঠান নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের তিন ডজনের বেশি শাখায় পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তাদের মতে, দেশে ও বিদেশে রাজনৈতিক সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের এমন কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রতিবাদের নীতির সম্পূর্ণ পরিপন্থি। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা যেখানেই থাকুন না কেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য যুক্তরাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগসহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।
একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা হামলা ও পরিকল্পিত আক্রমণ বন্ধে সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা। জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক শাসনব্যবস্থার নেতাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিও জানান সাবেক উপদেষ্টারা।
লন্ডনে ১৬ নভেম্বরের হামলার বিষয়ে তারা বলেন, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। হামলায় সরাসরি জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের যুক্তরাজ্যের প্রচলিত আইন, বিশেষ করে সন্ত্রাসবিরোধী আইনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি পলাতক ব্যক্তিরা যাতে যুক্তরাজ্যের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের সহিংসতা পরিচালনা বা সংগঠিত করতে না পারেন, তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারী সাবেক ১৪ উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ ও ড. এম. ফজলুল কবির খান, শিক্ষাবিদ সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আদিলুর রহমান খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক, শেখ বসির উদ্দিন, অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, সমাজবিজ্ঞানী ও ব্রতীর প্রতিষ্ঠাতা শারমিন সোনিয়া মুরশিদ, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।
সময়ের আলো/ইউএমএইচ