সম্পর্ক জোরদারে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সবকিছু ঠিক

2026-11-18T22:28:04+00:00
2026-11-18T22:28:04+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
সম্পর্ক জোরদারে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম 
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংগৃহীত ছবি
বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সবকিছু ঠিক থাকলে দুই দিনের সফরে ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশে অবস্থান করবেন তিনি। বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই প্রথম সফর হতে যাচ্ছে।  

ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আনোয়ার ইব্রাহিমের সফর সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ হবে। ৭ ডিসেম্বর সন্ধ্যায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এরপর ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। 

দুই দেশের সরকারপ্রধানের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাত নিয়ে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছিলেন তারেক রহমান। সেখান থেকে তিনি চীন সফরে যান। প্রায় পাঁচ মাসের ব্যবধানে এবার ফিরতি সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দুই বছরের ব্যবধানে এটি হবে আনোয়ার ইব্রাহিমের দ্বিতীয় বাংলাদেশ সফর। দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সরকারের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা জানান, তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, আনোয়ার ইব্রাহিমের এই সফরে সেগুলোর অগ্রগতি পর্যালোচনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ও আলোচনায় আসবে।

উল্লেখ্য, জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগসংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়েছিল।

আসন্ন সফরেও কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) ও নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্রের ইঙ্গিত অনুযায়ী, আনোয়ার ইব্রাহিমের সফরে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। দুই দেশের সরকারপ্রধানের পারস্পরিক সফরের মধ্য দিয়ে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। সফরটি সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সফরের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া। আনোয়ার ইব্রাহিমের সফরে নিরাপদ অভিবাসন ও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে জানিয়েছেন সরকারের কর্মকর্তারা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে চায় সরকার। দেশটির কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এই নিয়োগপ্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে কর্মী পাঠানো হবে। এর প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তাঁদের নির্বাচন ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারিভাবে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো শুরু হওয়ার পর বেসরকারি পর্যায়েও নিয়োগ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে। নতুন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেয়। গত জুনে মালয়েশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছিলেন।

উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের আমলেও বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। ২০২৪ সালের অক্টোবরে তাঁর সেই সফরের প্রায় দুই বছর পর আবারও ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   মালয়েশিয়া  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: