প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ এএম
কাঁচা রাস্তায় কাদা থেকে ভ্যান ঠেলছেন এক বৃদ্ধ। ছবি : সময়ের আলোবাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বীরমুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র রায় (৭২)। পুকুর পাড় সংলগ্ন সড়কের ভাঙা অংশে ঢুকে যায় সাইকেলের সামনের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে সড়কের ওপরে ছিটকে পড়েন তিনি। কোমরে আঘাত পেয়ে গুরুতর আহত হন। বর্তমানে তার চিকিৎসা চললেও এখন আর নিজের পায়ে ভর করে একা হাঁটতে পারেন না মহান মুক্তিযুদ্ধে হার না মানা অমূল্য চন্দ্র।
এই সড়কটির অবস্থান দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর দাউদপুর ও দক্ষিণ দাউদপুর গ্রামে। কাঁচা ও পাকা (সিসি) অংশ মিলে সড়কটির দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। ভারত সীমান্তবর্তী দুই গ্রামের ভেতরের এই সড়ক দিয়ে আশপাশের কয়েক হাজার মানুষের চলাচল। তাদের কেউ পায়ে হেঁটে, কেউ বাইসাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানে করে চলাচল করেন। পাকা ভাঙা অংশ আর কাঁচা সড়কের উঁচুনীচু গর্ত মাড়িয়ে এই সড়ক দিয়ে এলাকার ১০ থেকে ১২টি ব্যাটারিচালিত ভ্যান নিয়মিত চলাচল করে। বর্ষাকালে জলকাদা আর শুকনো মৌসুমে ধুলাবালি এলাকার পথচারীদের পায়ের নিত্য সঙ্গী। আর এ পথে ভ্যানে করে রোগী পরিবহন যেনো এক প্রাচীন নিদর্শনের জলজ্যান্ত সাক্ষী।
২০১৭ সালে ২ নং কাটলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাঁচা সড়কটির উত্তরে কাটলা বাজার সংলগ্ন অংশের নাম রাখা হয় ‘মরহুম মকছেদ আলী মণ্ডল চেয়ারম্যান সরণি’। পরের বছর উপজেলা পরিষদের উদ্যোগে সড়কের দক্ষিণ দাউদপুরে জালাল উদ্দিন মাস্টারের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার সড়কের নাম রাখা হয় ‘বীরমুক্তিযোদ্ধা দারাজ উদ্দিন সড়ক’। সে সময় ওই সড়কের ৩০০ মিটার অংশে সিসি ঢালাই দিয়ে পাকা করা হয়। এর ঠিক এক বছর পর উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র রায় সড়কটির মাঝের অংশে ‘বীরমুক্তিযোদ্ধা অমূল্য সড়ক’ নাম দিয়ে স্মৃতিফলক স্থাপন করেন।
গত ৮ বছরে উপজেলা প্রকৌশল দফতর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ৭ ধাপে মাত্র এক কিলোমিটার রাস্তা সিসি ঢালাই দিয়ে পাকা করে। পরবর্তীতে বালু ও মাটি বহনকারী ভারি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সেটিও এখন চলাচলের অনুপযোগী। পাকা সড়কটির কোনো কোনো অংশে পুকুরপাড়ের মাটি ধসে গেছে। এতে করে ওই রাস্তা দিয়ে ভ্যানে করে বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে সেটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
কাঁচারাস্তা পাকাকরণ ও নষ্ট রাস্তা সংস্কারের বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি আলোর মুখ দেখেনি। এরই মধ্যে ওই সড়কের ৬টি স্থানে নিচ থেকে পুকুরপাড়ের মাটি সরে যাওয়ায় সড়কটি এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে।
দক্ষিণ দাউদপুর গ্রামের ভ্যানচালক সামসুল আলম বলেন, ‘এ্যাংকা (এমন) রাস্তা দেশোত আর কোটেও (কোথাও) আছে কিনা হামার জানা নাই। এই রাস্তা দিয়ে ভ্যান চালালে ড্রাইভার ও যাত্রীর বুকোত ও কোমরোত ব্যাদনা (ব্যথা) হয়। রাস্তায় গর্ত থাকার কারণে ভ্যানের বল-বিয়ারিং প্রায় নষ্ট হয়।’
উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা আজিজার রহমান (৭২) বলেন, ‘ছোটবেলাতে এই রাস্তা দিয়ে আমি বাইসাইকেলোত চড়ে চলাচল করি। রাস্তাত গর্ত থাকায় অনেক জায়গাত নেমে পার হবার লাগে। গত বিশ ধরে শুনে আসোছি— রাস্তাটা পাকা হবে। আমি বাঁচে থাকতে এই রাস্তা আর পাকা হবে কিনা সেটা একমাত্র আল্লাই জানে।’
এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান বলেন, ‘ওই রাস্তা দিয়ে চলাচলে এলাকার মানুষের দুর্দশার কথা শুনেছি। দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) প্রকল্পের আওতায় কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ দাউদপুর আবদুল আহাদ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাকা (কার্পেটিং) করার জন্য একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলেই সড়কটি কার্পেটিং করা হবে।’
সময়ের আলো/জোই