সারাদিন প্রাকৃতিক পরিবেশে থেকে বেলা শেষে জসিমের ভালবাসায় ফিরে আসে ‘বক’

মেহেদী হাসান লিটন, শ্রীপুর (গাজীপুর)

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরের চকপাড়া গ্রামের মেডিকেল মোড়ে মাছ বিক্রি করে জসিম উদ্দিন। তার সঙ্গে দেশী প্রজাতির এক কানি বকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

2026-11-22T10:05:35+00:00
2026-11-22T10:05:35+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
সারাদিন প্রাকৃতিক পরিবেশে থেকে বেলা শেষে জসিমের ভালবাসায় ফিরে আসে ‘বক’
মেহেদী হাসান লিটন, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এএম 
জসিম উদ্দিনের দোকানে বক। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরের চকপাড়া গ্রামের মেডিকেল মোড়ে মাছ বিক্রি করে জসিম উদ্দিন। তার সঙ্গে দেশী প্রজাতির এক কানি বকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ আলোচনান জন্ম দিয়েছে। জসিম আর বকের বন্ধুত্বের সম্পর্ক দেখতে আগ্রহ ভরে মানুষ প্রতিদিনই দেখতে ভিড় করে জসিমের মাছের দোকানে। মাছের লোভে নয় জসিমের সঙ্গে সর্ম্পকের জেরেই প্রতিদিনই ফিরে আসে বকটি।

রাতে জসিমের মাছে দোকানের ভেতরই বসবাস তার। ভোর হলেই অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। সারাদিন বকের ঝাঁকের সঙ্গে খাল-বিল, খোলামাঠ ও জলাশয়ে ঘুরে বেড়ায়। সূর্যাস্তের সময় হলে অন্য বকেরা যখন নিরাপদ আশ্রয়ে চলে যায় তখন ওই বকটি নিরাপদ আশ্রয় ভেবে উড়ে এসে জসিমের কোলের উপর গিয়ে বসে। তাদের বন্ধুত্বের সম্পর্কের চিত্র প্রতিদিনই এরকম।

সন্ধ্যায় হলেই বকটি ঘিরে জসিমের আয়োজন ও ব্যস্ততাও থাকে। বকটি ফিরে আসার সঙ্গে সঙ্গে নিজের হাতে মাছ খাওয়ান। কখনো বকটি বসে থাকে তার কোলে, কখনো মাছ বিক্রির টেবিলে। আবার জসিম দোকান থেকে একটু দূরে গেলেই তার বসার কাঠের পিঁড়িতে দাঁড়িয়ে থাকে বকটি। দোকানে অপরিচিত কেউ এলে কখনো তেড়ে যায়, ভয়ও দেখায়। অথচ জসিম ফিরে এলেই শান্ত হয়ে যায় সে। এভাবেই ছয় মাস ধরে গড়ে উঠেছে মানুষ আর পাখির এক অদ্ভুত মায়ার সম্পর্ক। যে পাখিকে একদিন কুড়িয়ে পেয়েছিলেন জসিম, সেই পাখিই এখন প্রতিদিন নিজের ইচ্ছায় তার কাছে ফিরে আসে। নেই কোনো খাঁচা, নেই শিকল, আছে শুধু ভালোবাসার টান।

মাছ বিক্রেতা জসিম উদ্দিন (৩০) গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

বকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে জসিম জানান, ২০২৬ মার্চ-এপ্রিল আগে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে নিচে পড়ে গিয়েছিল বকের ছানাটি, তখন ছানাটির বয়স ছিল ১০দিনের মতো। সেখান থেকে ছানাটি কুড়িয়ে আনেন। কিন্তু ছোট্ট ছানাটিকে বাঁচাতে পারবেন কিনা, এমন দুশ্চিন্তায় ছিলেন তিনি। পরে তিনি বকটির বিশেষ যত্ন নেন। দৈনন্দিন কাজের পাশাপাশি বকের ছানাটি জসিমের পরম যত্নে বড় হতে থাকে এসময় উড়তেও শিখে যায় বকটি। ইচ্ছে করলে বকটি খাঁচায় বন্দি করে রাখতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। পাখিটি ধীরে ধীরে নিজের ডানা মেলে আকাশে উড়তে শুরু করে। এখন সকালে উড়ে চলে যায় অজানা গন্তব্যে, নিজের মতো করে সারাদিন ঘুরে বেড়ায়। কিন্তু সন্ধ্যা নামলেই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ফিরে আসে বকটি। উড়ে এসে বসে পড়ে জসিমের কোলে। জসিমও তাকে পরম মমতায় মাছ খেতে দেন। রাতের দোকান বন্ধ করার পর দোকানের ভেতরেই অবস্থান করে বকটি। পরে সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে উড়ে যায় আপন মনে।


সম্প্রতি জসিমের দোকানে গিয়ে কথা বলতে বলতে পাখিটির নিরাপত্তা নিয়ে অন্যদের সতর্কবার্তার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অনেকে তাকে বলেন, বকটি একদিন তার চোখের ক্ষতি করতে পারে, বিপদ ঘটাতে পারে। তাই পাখিটিকে দুরে রাখতে বলেন কেউ কেউ। কিন্তু এসব কথায় দমে যান না জসিম।

জসিম বলেন, অনেকে বলে বকটি নাকি আমার ক্ষতি করবে। আমি তাদের কথায় কান দেই না। সে যেহেতু আমারে ভালোবেসে প্রতিদিন সন্ধ্যায় আসে, আমিও তারে ভালোবাসি। আমি তো তারে বন্দি করিনাই। কোনোদিন বন্দি করবও না। সে তার মতো সকালে উড়ে যায়, আবার সন্ধ্যায় আমারে আপন মনে করে আশ্রয়ের জন্য আসে। আমি তারে কেন বন্দি করব?

ও (বক) যদি কোনো দিন চলে যায়, আর না আসে, আমার হয়তো অনেক দুঃখ লাগবে। কিন্তু এটা ভেবে শান্তি পাবো ও (বক) তার জায়গায় ভাল আছে। আমি তারে কোনোদিন বিরক্ত করি না, করবও না। আমার কাছে প্রত্যেক প্রাণী গুরুত্বপূর্ণ, ওদের স্বাধীনতাও গুরুত্বপূর্ণ।

জসিমের এই পাখিপ্রেমের কথা ছড়িয়ে পড়েছে এলাকায়। অনেকেই দূরদূরান্ত থেকে দোকানে এসে বকটিকে দেখেন। কেউ কেউ বকটি কিনে নিয়ে যেতে চান, দামও বলেন অনেকে। কিন্তু জসিম বলেন, ছোট থেকে বকটিকে পরিবারের সদস্যদের মতই লালন পালন করেছি। এখন ওর প্রতি আমার অনেক মায়া লাগে। প্রতিদিন নিজের হাতে মাছ খাওয়াই। অনেকে এসে বলে বকটা বিক্রি করে দিতে অনেক টাকা দামও বলে, কিন্তু আমি বিক্রি করবো না।

সময়ের আলো/জোই
  বিষয়:   প্রাকৃতিক পরিবেশ  বেলা শেষে  জসিম  ভালবাসা  ফিরে আসে  বক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: