যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, পাত্তা দিলেন না কিম

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের যোগাযোগের চেষ্টাকে উপেক্ষা করার

2026-11-22T20:37:12+00:00
2026-11-22T20:37:12+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, পাত্তা দিলেন না কিম
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম 
ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের যোগাযোগের চেষ্টাকে উপেক্ষা করার পাশাপাশি নিজ দেশের পারমাণবিক অস্ত্রের মজুত বৃদ্ধি করে চলছেন উত্তর কোরিয়ার নেতা।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আনুষ্ঠানিক টেলিফোন লাইন ও অন্যান্য যোগাযোগমাধ্যমের সাহায্যে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই যোগাযোগের চেষ্টায় কোনও সাড়া দেয়নি উত্তর কোরিয়া।

পিয়ংইয়ংয়ের কোনও সাড়া না পেয়ে কিম জং উনকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। এ বিষয়ে অবগত একাধিক সূত্র মার্কিন ওই সংবাদমাধ্যমকে বলেছেন, নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

ওই কার্যালয়ের বাইরে মার্কিন কর্মকর্তাদের একটি দল অপেক্ষা করছিলেন। উত্তর কোরিয়ার এক কূটনীতিক তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা দ্রুত চিঠিটি তার হাতে তুলে দেন। তবে ওই কূটনীতিক পরে জাতিসংঘের এক বৈঠকের সময় খোলা হয়নি এমন চিঠিটি মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার তিনবার সাক্ষাৎ হয়েছিল। প্রত্যেক সাক্ষাতের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো। কিন্তু কিমের এখন সেই বিষয়ে কোনো আগ্রহ নেই বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতেও তিনি অনিচ্ছুক বলে মনে করা হয়।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সম্প্রতি এশিয়া সফরের সময় কিমের সঙ্গে আরেকটি বৈঠক আয়োজন করার চেষ্টা করেছিলেন ট্রাম্প। শেষ মুহূর্তে বৈঠকের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আলোচনাও করে। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দেওয়া কিছু শর্ত যুক্তরাষ্ট্র মেনে না নেওয়ায় সেই বৈঠকের পরিকল্পনা ভেস্তে যায়।

গত বছর মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে দরকষাকষি করে তা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই কিম জং উনের।

২০১৯ সালে কিমের সঙ্গে ট্রাম্পের সর্বশেষ সাক্ষাতের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক মজুত ২০-৩০টি ওয়ারহেড থেকে বেড়ে প্রায় ৬০টিতে পৌঁছেছে। দেশটি সলিড-ফুয়েল চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) তৈরি করেছে। উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

বরং সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী প্রতিদ্বন্দ্বী রাশিয়ার আরও ঘনিষ্ঠ হয়েছে উত্তর কোরিয়া। এমনকি ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমে অর্থ উপার্জন করছে দেশটি। গত ফেব্রুয়ারিতে দেওয়া এক ভাষণে কিম জং উন বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি মেনে নেয়, তাহলে দেশটির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে পারে। অন্যথায় দুই দেশকে চিরস্থায়ী বৈরিতার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

২০১৭ সালের ১ জানুয়ারি কিম বলেছিলেন, প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছিলেন, এটা ঘটবে না!


পরে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগ চান। সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‌‌‘‘আমার জন্য একটি সাধারণ চুক্তি করে বিজয় দাবি করা খুব সহজ হতো। আমি তা করতে চাই না। আমি চাই তারা পারমাণবিক অস্ত্র থেকে মুক্তি পাক।’’

২০১৮ সালের সেপ্টেম্বরে কিমের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, তারা একে অপরের প্রেমে পড়েছিলেন।

২০১৯ সালে এই দুই নেতা আবারও সাক্ষাৎ করেন। দ্বিতীয় ওই বৈঠকের সময় কিম উত্তর কোরিয়ার প্রধান ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের কিছু স্থাপনা বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন। এর বিনিময়ে তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান।

উত্তর কোরিয়া বর্তমানে সলিড ফুয়েলচালিত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এসব ক্ষেপণাস্ত্রে আগে থেকেই জ্বালানি ভরে রাখা যায়। একই সঙ্গে চলন্ত যানবাহন থেকে উৎক্ষেপণও করা যায়। এতে উৎক্ষেপণের আগে এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়ে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর মস্কোর প্রতি সমর্থন জানায় পিয়ংইয়ং। ওই বছরের শেষ দিকে মার্কিন কর্মকর্তারা বলেন, রাশিয়ায় রকেট ও কামানের গোলা পাঠাচ্ছে উত্তর কোরিয়া।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, উত্তর কোরিয়া সম্প্রতি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা ঘটিয়েছে। দেশটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারেরও বেশি চুরি করেছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

সময়ের আলো/টিকে
  বিষয়:   যোগাযোগের চেষ্টা  ট্রাম্প  পাত্তা দিলেন না কিম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: