চীনের বেইজিংয়ে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় কমলা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ছবি : রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ওয়াশিংটন আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি থেকে সরে যাওয়ার পর বিশ্বমঞ্চে নেতৃত্বের বড় একটি শূন্যতা তৈরি হয়েছে। অনেকের প্রত্যাশা ছিল, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি চীন সেই জায়গা দখল করবে। তবে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে অগ্রগামী অবস্থান এবং বিপুল বিনিয়োগ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক জলবায়ু নেতৃত্ব নিতে আগ্রহ দেখাচ্ছে না বেইজিং।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩৩ আয়োজনের বিষয়টি বিবেচনা করলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে চীন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনেও চীনের প্রতিনিধিদের তেমন সক্রিয় ভূমিকা দেখা যায়নি। সম্মেলনে অংশ নেওয়া কূটনীতিক ও পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বেইজিং বরাবরের মতোই তুলনামূলক নীরব অবস্থান বজায় রেখেছে।
ভানুয়াতুর জলবায়ুমন্ত্রী রালফ রেগেনভানু বলেন, আগের আন্তর্জাতিক নেতৃত্বদানকারী দেশটির অনুপস্থিতিতে চীনকে আরও বড় ভূমিকা পালন করতে দেখা গেলে ভালো হতো। তার মতে, বর্তমানে চীন আন্তর্জাতিক ব্যবস্থা ও আইনের শাসনের পক্ষে অবস্থান নেওয়া একটি গুরুত্বপূর্ণ দেশ।
উন্নয়নশীল দেশগুলোর পক্ষে চীনের অবস্থান
রুদ্ধদ্বার আলোচনায় চীনের প্রতিনিধিরা বরাবরের মতো উন্নয়নশীল দেশগুলোর দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের অবস্থান ছিল, উন্নত দেশগুলোকে আরও বেশি জলবায়ু অর্থায়ন করতে হবে এবং দ্রুত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। তবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের বিরোধিতা করেছে বেইজিং।
ঐতিহাসিকভাবে পশ্চিমা দেশগুলো সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করলেও বর্তমানে বিশ্বের বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ চীন।
অন্যদিকে, কার্বন নিঃসরণ কমাতে প্রয়োজনীয় সৌর প্যানেল, বায়ু বিদ্যুৎ টারবাইন ও বৈদ্যুতিক গাড়ি উৎপাদন এবং রপ্তানিতে দেশটি বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে।
কপ-৩১ সম্মেলনের আগে প্রকাশিত রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, গত বছর উন্নয়নশীল দেশগুলোতে ১৩২ বিলিয়ন ডলারের পরিচ্ছন্ন প্রযুক্তি ও বিনিয়োগ পাঠিয়েছে চীন। এই পরিমাণ প্রায় সব উন্নত দেশের সম্মিলিত জলবায়ু অর্থায়নের কাছাকাছি।
জলবায়ু নেতৃত্ব নিতে কেন অনাগ্রহী চীন?
বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে, নিজেদের সবুজ প্রযুক্তির সক্ষমতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে আরও বড় ভূমিকা নেওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের অনাগ্রহের পেছনে কয়েকটি কারণ রয়েছে।
প্রথমত, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ আয়োজন করলে চীনের ওপর আরও উচ্চাভিলাষী জলবায়ু লক্ষ্যমাত্রা নির্ধারণের চাপ তৈরি হতে পারে। দেশটির বিশাল কয়লা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক জলবায়ু অঙ্গনে নেতৃত্বের বড় দায়িত্ব নিলে চীনের কাছে আরও বেশি জলবায়ু সহায়তা দেওয়ার দাবি উঠতে পারে। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনকে দরিদ্র উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে একই শ্রেণিতে রাখা উচিত কি না, সেই পুরোনো বিতর্কও নতুন করে সামনে আসতে পারে।
চীনা সরকারের অবস্থান সম্পর্কে অবগত এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে আরও বড় জলবায়ু নেতৃত্ব গ্রহণের মধ্যে কেন্দ্রীয় সরকার বিশেষ কোনো সুবিধা দেখছে না।
ওই ব্যক্তি বলেন, কেন্দ্রীয় সরকারের ধারণা, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে চীন ইতোমধ্যে নেতৃত্ব দিচ্ছে। তাই আলাদাভাবে কপ সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তা তারা দেখছে না।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জলবায়ুর চেয়ে বাণিজ্য আলোচনায় বেশি সক্রিয় বেইজিং
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে তুলনামূলক নিষ্ক্রিয় থাকলেও বাণিজ্যের ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখছে চীন।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যেমন অবাধ বাণিজ্যের বিরুদ্ধে সুরক্ষাবাদী নীতির সমালোচনা করেছেন, তেমনি আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনেও চীনা আলোচকেরা পরিবেশবান্ধব পণ্যের অবাধ বাণিজ্যের পক্ষে অবস্থান নিয়েছেন।
এর মাধ্যমে পরিচ্ছন্ন প্রযুক্তিশিল্পের প্রসার ঘটাতে চায় বেইজিং। এই শিল্প বর্তমানে চীনের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাবের অন্যতম উৎস হয়ে উঠেছে।
চীনের দৃষ্টিতে, জলবায়ু নীতির অজুহাতে পশ্চিমা দেশগুলো যেসব বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করেছে, সেগুলোর মোকাবিলার একটি উপায় হতে পারে পরিবেশবান্ধব পণ্যের অবাধ বাণিজ্য নিশ্চিত করা।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বিষয়টি চীনের অন্যতম প্রধান দাবি বলে জানিয়েছেন একজন ইউরোপীয় কূটনীতিক।
যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের মাধ্যমে চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও চীনের পরিচ্ছন্ন প্রযুক্তিপণ্যের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। পাশাপাশি কার্বন নিঃসরণ বেশি হয় এমন পণ্য আমদানিতে কর আরোপের নিয়ম চালু করেছে।
কপ-৩১ সম্মেলনের আগে বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা প্রতিনিধিদলের প্রধান লি গাও বলেন, সম্মেলনে একতরফাবাদ ও সুরক্ষাবাদকে নতুন সমস্যা হিসেবে বিবেচনায় নিতে হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাণিজ্যনীতির সমালোচনা করতে চীন প্রায়ই এ ধরনের বক্তব্য দিয়ে থাকে।
সময়ের আলো/ইউএমএইচ