ইরানে যৌথ সামরিক হামলার পরিকল্পনা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধি বা নতুন করে সংঘাত শুরু হলে কীভাবে পরিস্থিতি মোকাবেলা করা হবে, তা নিয়ে যৌথ

2026-11-22T21:22:24+00:00
2026-11-22T21:22:24+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে যৌথ সামরিক হামলার পরিকল্পনা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:২২ পিএম 
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথ সামরিক পরিকল্পনা থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : আনাদোলু
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধি বা নতুন করে সংঘাত শুরু হলে কীভাবে পরিস্থিতি মোকাবেলা করা হবে, তা নিয়ে যৌথ পরিকল্পনা তৈরিতে সম্মত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৩ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথ সামরিক পরিকল্পনা থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময়সীমা ঘনিয়ে আসছে বলেও সতর্ক করা হয়েছে। 

তবে চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারের তেল আবিব সফরের সময় ইরানে হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি এ তথ্য দেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মূল্যায়নে আপাতত ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা সাম্প্রতিক দিনগুলোর তুলনায় বেশি নয়। দেশটির সেনাবাহিনীর সতর্কতা এখনো উচ্চপর্যায়ে থাকলেও তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি।

চ্যানেল ১৩-এর তথ্য অনুযায়ী, ইসরায়েলি সামরিক মূল্যায়নে মনে করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পর থেকেই কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা বলে দাবি করা বিভিন্ন স্থানে হামলা চালায়।

পরবর্তী সময়ে ১৮ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাইয়ে আবারও দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়।

সামরিক প্রস্তুতি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনা সামনে রেখে গত বুধবার তেল আবিবে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের সেন্টকম প্রধান ব্র্যাড কুপার, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইইয়াল জামির এবং মোসাদের প্রধান রোমান গফম্যান।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, জামির ও কুপার আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে যৌথ ও বিস্তারিত পর্যালোচনা করেছেন।

এ ছাড়া দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত ও অপারেশনাল সহযোগিতা বাড়ানো, সমন্বয় জোরদার এবং বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যৌথ প্রস্তুতি উন্নত করার গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে।

তবে কোন কোন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিংবা বৈঠকে সরাসরি ইরানের বিষয়টি উঠে এসেছে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী।


অন্যদিকে, ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ বুধবার জানিয়েছে, কুপার ও জামিরের বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন যুদ্ধ শুরুর প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা হয়েছে।

এর আগে ইসরায়েলের সামরিক প্রস্তুতি জোরদারের খবরও প্রকাশিত হয়েছিল। গত ১১ নভেম্বর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন জানায়, ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি বাড়াতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।

ইরান নিয়ে ওয়াশিংটনে গোয়েন্দা আলোচনা

ত্রিপক্ষীয় বৈঠকের কয়েক দিন আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফর করেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেন গফম্যান। আলোচনায় ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়ন এবং ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা উঠে আসে।

এদিকে ইসরায়েলের বিরোধী রাজনৈতিক জোট ‘চেঞ্জ ব্লক’-এর নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধের পরিস্থিতি তৈরির অভিযোগ তুলেছেন। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন এই জোটের নেতাদের দাবি, নেতানিয়াহু দেশে জরুরি অবস্থা জারির উদ্যোগ নিচ্ছেন।

তাদের অভিযোগ, জরুরি অবস্থা জারি করা হলে জাতীয় ঐক্যের সরকার গঠনের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সরকারে নেতানিয়াহুকেও অন্তর্ভুক্ত করা সম্ভব হবে, যার মাধ্যমে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন।

উল্লেখ্য, ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন গাদি আইজেনকট। অন্যদিকে, দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে।

এ ছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর গ্রেপ্তার চেয়ে আসছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইসরায়েল-যুক্তরাষ্ট্র  ইরান  সামরিক হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: