যুদ্ধের ভবিষ্যৎ কি প্রযুক্তি জায়ান্টদের হাতে তুলে দিতে পারবে সামরিক বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বেসরকারি স্যাটেলাইট নেটওয়ার্কের ক্রমবর্ধমান ব্যবহার সামরিক বাহিনীর স্বাধীনতা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। যুদ্ধক্ষেত্রে

2026-11-22T21:45:49+00:00
2026-11-22T21:45:49+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধের ভবিষ্যৎ কি প্রযুক্তি জায়ান্টদের হাতে তুলে দিতে পারবে সামরিক বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম 
প্রতিরক্ষা বাহিনীকে বেসরকারি প্রযুক্তির ব্যবহার এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা ও তথ্যের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ— এই দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। ছবি : গালফ নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বেসরকারি স্যাটেলাইট নেটওয়ার্কের ক্রমবর্ধমান ব্যবহার সামরিক বাহিনীর স্বাধীনতা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়লেও গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে চলে যাওয়ার ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

তুরস্কের ইজমিরে অনুষ্ঠিত ন্যাটো এজ সম্মেলনে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সেখানে ন্যাটোর ৩২টি সদস্যদেশ ও ইউক্রেনের সামরিক কর্মকর্তা, সরকারি প্রতিনিধি এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও ডিজিটাল যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

একদিকে রয়েছে বাজার ও মুনাফার ভিত্তিতে পরিচালিত বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান। অন্যদিকে সামরিক বাহিনী, যারা রাজনৈতিক কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হয় এবং কৌশল, শৃঙ্খলা ও প্রতিরক্ষাসংক্রান্ত গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই দুই ভিন্ন ব্যবস্থার মধ্যে সমন্বয় করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

যুদ্ধক্ষেত্রে সেনাদের সমন্বয়, তাৎক্ষণিকভাবে ভূখণ্ড বিশ্লেষণ এবং সামরিক যোগাযোগের জন্য বিপুল পরিমাণ তথ্য আদান-প্রদান প্রয়োজন। এসব তথ্যের সঠিক ব্যবহার অনেক সময় যুদ্ধের ফলাফল এবং অসংখ্য মানুষের জীবন নির্ধারণ করতে পারে।

স্টারলিংক ও স্টারশিল্ড নিয়ে উদ্বেগ

সামরিক ক্ষেত্রে বেসরকারি প্রযুক্তির ওপর নির্ভরতার সবচেয়ে আলোচিত উদাহরণ হলো ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ড।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে সামরিক যোগাযোগের জন্য স্টারলিংকের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে কিয়েভ। তবে স্টারশিল্ড ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সময় বিধিনিষেধের মুখে পড়েছে ইউক্রেন। ফলে দেশটির সামরিক বাহিনীর যোগাযোগব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইলন মাস্ক বিভিন্ন সময়ে ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন। ইন্টারনেট সংযোগে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তার দায় স্পেসএক্সের নয়, বরং ওয়াশিংটনের বলে দাবি করেছেন তিনি।

এ প্রসঙ্গে গোয়েন্দা প্রতিষ্ঠান জেনসের বিশ্লেষক টম বার্টন এএফপিকে বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়গুলো বর্তমানে এ ধরনের জটিল পরিস্থিতি মোকাবিলার উপায় খুঁজছে।

তার মতে, নেটওয়ার্কনির্ভর যুদ্ধক্ষেত্র গড়ে তুলতে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কিছু গোপনীয় তথ্য ব্যবহারের সুযোগ প্রয়োজন হতে পারে। মহাকাশভিত্তিক ব্যবস্থা, স্থলভিত্তিক সেন্সর এবং সামরিক যোগাযোগব্যবস্থায় বিভিন্ন পর্যায়ে তথ্য ব্যবহারের সুযোগ ও আস্থার বিষয়টি পরীক্ষা করা হচ্ছে।

তবে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়া সামরিক বাহিনী নিজেদের ভবিষ্যৎ বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ছেড়ে দিতে পারে না। কারণ এসব প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য অনেক সময় সামরিক প্রয়োজনের পরিবর্তে বেসামরিক গ্রাহকদের চাহিদা পূরণ করা।

যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামরিক বাহিনী ও সরকারের সঙ্গে প্রযুক্তি খাতের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির বিষয়ে জোরালো উদ্যোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে একটি সূক্ষ্ম সীমারেখা বজায় রাখা জরুরি। ইউক্রেনে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার মতো ঘটনায় ইলন মাস্কের ভূমিকা সেই উদ্বেগকে সামনে এনেছে।

তার মতে, কোনো দেশের শতভাগ প্রযুক্তিগত সার্বভৌমত্ব অর্জন জরুরি নয়, তবে প্রয়োজনীয় মাত্রায় নিজস্ব নিয়ন্ত্রণ অবশ্যই থাকতে হবে।


সামরিক প্রযুক্তিতে সবচেয়ে বড় বিষয় আস্থা

ন্যাটোর সাইবার কার্যক্রমের শীর্ষ কর্মকর্তাদের একজন মেজর জেনারেল রাইনার বিকের মতে, বিষয়টি সমাধান করা অত্যন্ত কঠিন।

তিনি বলেন, কোন ধরনের তথ্য কোন নিরাপত্তা শ্রেণিতে রাখা হবে, সে বিষয়ে সামরিক বাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে। মূল সমস্যা হলো পারস্পরিক আস্থার অভাব।

ন্যাটোর সুপ্রিম অ্যালাইড কমান্ডার ট্রান্সফরমেশন (এসএসিটি) অ্যাডমিরাল পিয়েরে ভান্ডিয়ারও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আস্থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

তার মতে, প্রযুক্তির অবকাঠামো, তথ্য আদান-প্রদান, এআই এজেন্ট এবং সিদ্ধান্ত গ্রহণের সরঞ্জামের ওপর আস্থা থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, যুদ্ধবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এবং সামরিক বাহিনীর মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমাতে হবে। ইউক্রেন এ ক্ষেত্রে সফল হয়েছে।

প্রায় পাঁচ বছরের যুদ্ধের অভিজ্ঞতায় ইউক্রেন এখন ন্যাটোর অন্য যেকোনো দেশের তুলনায় বেশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছোট দেশগুলোর জন্য বেসরকারি প্রযুক্তি বড় সহায়তা

প্রযুক্তির ওপর নির্ভরতার বিষয়টি দেশগুলোর প্রতিরক্ষা বাজেটের আকার অনুযায়ী ভিন্ন হতে পারে।

মেজর জেনারেল রাইনার বিক বলেন, বড় সামরিক শক্তিধর দেশগুলোর জন্য তথ্য সংগ্রহ বড় সমস্যা নয়। যুদ্ধ শুরু হলে তারা প্রয়োজনীয় তথ্য পেতে পারে। কিন্তু তখন নতুন করে সবকিছু সংগঠিত করার সময় পাওয়া কঠিন। তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।

অন্যদিকে, ছোট দেশগুলোর নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোকে স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যানটরের আন্তর্জাতিক সরকারি কার্যক্রমের ভাইস প্রেসিডেন্ট মিচ ফ্রি।

তার মতে, অনেক ছোট দেশের হাতে মাত্র কয়েকটি স্যাটেলাইট রয়েছে। সেগুলো থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের মূল্য এবং স্যাটেলাইট নির্মাণ ও পরিচালনার ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে হয়। এ ধরনের ঘাটতি পূরণে বাণিজ্যিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এআই ব্যবহারে বাধা প্রযুক্তি নয়, অনুমতি

সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কীভাবে বাড়ানো যায়, সেটিই এখন আলোচনার অন্যতম প্রধান বিষয়।

ন্যাটোর সাইবার ও ডিজিটাল রূপান্তরবিষয়ক প্রধান জ্যঁ-চার্লস এলারম্যান-কিংগম্ব বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা অনেক সময় প্রযুক্তি নয়; বরং তথ্যের নিরাপত্তা শ্রেণিবিন্যাস, জাতীয় বিধিনিষেধ এবং পারস্পরিক আস্থার সিদ্ধান্ত।

তিনি বলেন, ন্যাটোকে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বৃহৎ পরিসরে এআই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হয়। একই সঙ্গে এসব প্রযুক্তিকে নিরাপদ, পারস্পরিকভাবে সামঞ্জস্যপূর্ণ এবং ন্যাটোর নিজস্ব অবকাঠামোয় ব্যবহারের উপযোগী করতে হবে। পাশাপাশি সামরিক কর্মীদের প্রযুক্তির সক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে যথাযথ ধারণা থাকতে হবে।

প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই সময়ে সামরিক বাহিনীর সামনে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের উদ্ভাবন কাজে লাগানোর পাশাপাশি নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য, যোগাযোগব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা।

সূত্র : গালফ নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   যুদ্ধ  ভবিষ্যৎ  প্রযুক্তি জায়ান্ট  সামরিক বাহিনী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: