প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৫৪ এএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত শীতের স্বাভাবিক গতিপথ আটকে দিয়ে গেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তবে উত্তর জনপদের চিত্র ভিন্ন। কুড়িগ্রামে শীত ও হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবার উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ের আকাশ ছিল ঘন কুয়াশার চাদরে ঢাকা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৯ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে এই দুই জেলায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আজ ১০ অগ্রহায়ণ। দুটি জেলা ছাড়া আর কোনো জেলায় তেমন কোনো শীতের প্রকোপ নেই। অথচ এই সময়ে শীত গুটিগুটি পায়ে জানান দেওয়ার কথা সব জেলায়। এ কথা সত্যি অগ্রহায়ণ মাসে সবার প্রত্যাশা শীতের চাদরে মোড়া থাকবে প্রকৃতি। বিশেষ করে রাতের বেলা। কিন্তু এখনও কেন শীত আসছে না.এই প্রশ্ন সবার মনে।
আবহাওয়াবিদ খালেকুজ্জামান জানিয়েছেন, শীত দেরিতে আসার পটভূমি তৈরি হয়েছে। নভেম্বর মাস প্রায় শেষের দিকে। অথচ ঢাকাসহ সারা দেশে সেভাবে শীতের অনুভূতি তৈরি না হওয়ার অন্যতম কারণ হচ্ছে— বঙ্গোপসাগরের লঘুচাপ ও ঘূণিঝড় ‘আকভান’। সাধারণত এ মাসে থেমে থেমে উত্তরের ঠান্ডা ও শুষ্ক বাতাস প্রবাহিত হতে শুরু করে। আর তখনই শীত নামে। তিনি জানান, এবারের শীতের স্বাভাবিক গতিপথ আটকে দিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একের পর এক লঘুচাপ আর সবশেষে ঘূর্ণিঝড় ‘আকভান’। যদিও আকভান ভারতের অন্ধপ্রদেশে আঘাত হেনেছে। কিন্তু এর প্রভাবে তৈরি আর্দ্র বাতাস পুরো দেশে মেঘ ও বৃষ্টি নিয়ে এসেছে। আকাশে মেঘ থাকার ফলে রাতের তাপ আটকে রাখে। এর ফলে রাতের বেলায় আবহাওয়া তেমন ঠান্ডা হতে পারেনি।
আরেকজন আবহাওয়াবিদ লতিফুল কবির জানান, প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল নিনোর প্রভাবে এবারের শীত তুলনামূলকভাবে উষ্ণ থাকবে। আর রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। এর পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাগর ও স্থলে তাপমাত্রা বাড়ছে।
অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরে শীতের তীব্রতা বাড়বে। জানুয়ারিতে সবচেয়ে বেশি শীত অনুভূত হবে। এই শীতের আমেজ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত থাকতে পারে। এই মৌসুমে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে ২ থেকে ৩টি হতে পারে তীব্র। এ সময় ঢাকায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
দেশে এল নিনোর প্রভাব চারটি বিষয়ের ওপর পড়তে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি। এর পরের বিষয় হচ্ছে, উত্তরের হিমেল হাওয়ায় বাধা। এ ছাড়াও কুয়াশা ও আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে। তবে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব কমে আসতে পারে।
গতকাল আবহাওয়া অফিস বলেছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে বাড়তে পারে শীতের অনুভূতি। বঙ্গোপসাগরে বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। আজ বুধবার কিছু সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি