প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম

জব্দ ডাম্প ট্রাক ও আটক ব্যক্তিরা। ছবি : সময়ের আলো
জব্দ ডাম্প ট্রাক ও আটক ব্যক্তিরা। ছবি : সময়ের আলো চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু পরিবহনের সময় ২০০ ঘনফুট বালুভর্তি একটি ডাম্প ট্রাক জব্দ করেছে বন বিভাগ। এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের আওতাধীন ঝিলতলী খাল এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু পরিবহন ও পাচারের সময় ট্রাকটিকে আটক করা হয়। পরে বালুভর্তি ট্রাকটি জব্দ করে স্থানীয় ব্যবস্থাপনায় করেরহাট রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়।
করেরহাটের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা ও রেঞ্জ প্রশিক্ষণার্থী মো. মারুফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন বলেন, ডাম্প ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। বন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সময়ের আলো/এনএন