কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যা, মুক্তির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির

2026-11-25T16:46:09+00:00
2026-11-25T16:46:09+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যা, মুক্তির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম 
বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক। ছবি : সংগৃহীত
বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক। ছবি : সংগৃহীত
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হকসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর কয়েক দিনের অস্থিরতা ও উৎকণ্ঠা কাটিয়ে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।

গত ১৮ নভেম্বর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল মোল্যার ভাই জুয়েল বাদী হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কালিয়া থানায় মামলাটি করেন।

মামলায় চন্দনা হককে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর রাতে কালিয়ায় মোটরসাইকেল শোডাউনের আয়োজন করে বিএনপি। এ সময় চন্দনা হকের নির্দেশে এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র লিটন ফকিরের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শোডাউনে সশস্ত্র হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে চালানো ওই হামলায় কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও উপজেলা জাসাসের (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা) সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে হত্যা করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করা এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কারণে এজাহার জমা দিতে কিছুটা সময় লেগেছে। এ কারণে মামলা নথিভুক্ত করতেও বিলম্ব হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালিয়ায় গিয়ে নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। পরে তিনি তাদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

এদিকে হত্যাকাণ্ডের রাতে নিহতদের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থল কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক বাড়িঘরে আগুন ও ভাঙচুরের দাবি ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এই প্রচারণার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়। তবে দেশের মূলধারার গণমাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশিত হওয়ায় ওই অপপ্রচার সফল হয়নি।


বর্তমানে কালিয়ার জনজীবনে স্বস্তি ফিরেছে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা এবং দৈনন্দিন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে দুই সহকর্মী হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালিয়াসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিএনপি।

এদিকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

তিনি বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় হিন্দু সম্প্রদায়ের মানুষ বর্তমানে কালিয়ায় অত্যন্ত নিরাপদে ও শান্তিতে বসবাস করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা সমুন্নত রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সব সময় সতর্ক রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যা  মুক্তির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: