
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ছবি : সংগৃহীত
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ছবি : সংগৃহীতরাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) স্থাপন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রায় ৬০০ কোটি টাকার ঠিকাদারি কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে কালো তালিকাভুক্ত দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সকে (এনডিই) ৯৫ কোটি ৪০ লাখ টাকার কাজ দেওয়া হয়েছে। অন্যদিকে, ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে ৪৯৭ কোটি ৩৩ লাখ টাকার কাজের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (নোয়া) দেওয়া হয়েছে।
দরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত সিদ্ধান্ত, যোগ্যতা পুনর্মূল্যায়নের মাধ্যমে ঠিকাদার নির্বাচন এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক প্রকিউরমেন্ট কনসালটেন্টকে মূল্যায়ন কমিটির সদস্যসচিব করার অভিযোগও উঠেছে। এসব ঘটনায় প্রকল্প পরিচালক ও প্রকিউরমেন্ট কনসালটেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট একাধিক সূত্র ও নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, কালো তালিকাভুক্ত এনডিইকে নয়তলা নন-ক্লিনিক্যাল অনুষদ ভবন নির্মাণের কাজ দেওয়া হয়েছে। অন্যদিকে, ১২০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ পেতে যাচ্ছে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড।
এনডিইকে ৯৫ কোটি টাকার কাজ
নন-ক্লিনিক্যাল অনুষদ ভবন নির্মাণের দরপত্রে ১৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে এনডিইর দর ছিল ৯৫ কোটি ৪০ লাখ ২ হাজার ৩৭৯ টাকা, যা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অষ্টম সর্বনিম্ন। পরে অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয় পুনর্মূল্যায়ন করে প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়ার সুপারিশ করে মূল্যায়ন কমিটি।
উপাচার্য ও প্রকল্প পরিচালক ডা. জাওয়াদুল হক এবং প্রকিউরমেন্ট কনসালটেন্ট রেয়াজাত হোসেন রিটুর নেতৃত্বাধীন কমিটি এ সুপারিশ করে। গত ১৫ অক্টোবর এনডিইর সঙ্গে চুক্তি করে রামেবি কর্তৃপক্ষ।
তবে এর আগেই গত ১৩ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) প্রতিষ্ঠানটিকে দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত করে। এ নিষেধাজ্ঞা ২০২৮ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকার কথা।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) নির্দেশনা অনুযায়ী, দরপত্র মূল্যায়ন চলাকালে কোনো প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হলে চলমান ও ভবিষ্যতে প্রক্রিয়াধীন দরপত্রে সেটিকে অযোগ্য বিবেচনা করতে হবে। এমন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন সরকারি ক্রয় আইন ও বিধিমালার লঙ্ঘন বলে বিপিপিএর পরিপত্রে উল্লেখ রয়েছে।
অভিযোগ রয়েছে, সর্বনিম্ন দরদাতা না হওয়া সত্ত্বেও পুনর্মূল্যায়নের মাধ্যমে এনডিইকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। উপাচার্য ও প্রকল্প পরিচালক প্রতিষ্ঠানটিকে দিয়ে কাজ করাবেন না বলে বক্তব্য দিলেও এখন পর্যন্ত চুক্তি বাতিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ওয়াহিদ কনস্ট্রাকশনকে ৪৯৭ কোটি টাকার নোয়া
১২০০ শয্যার হাসপাতাল নির্মাণের দরপত্র নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। ২০২৫ সালের ৩ ডিসেম্বর আহ্বান করা এ দরপত্রে ১১টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা দেয় মাত্র চারটি। এর মধ্যে শুধু ওয়াহিদ কনস্ট্রাকশনের দরপত্রকে রেসপনসিভ বা গ্রহণযোগ্য ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দর ছিল ৪৯৭ কোটি ৩৩ লাখ টাকা।
নথিপত্র অনুযায়ী, গত ১৯ এপ্রিল গণপূর্ত অধিদপ্তরের সাভার গণপূর্ত বিভাগ ওয়াহিদ কনস্ট্রাকশনকে এক বছরের জন্য সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। এ নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকার কথা। বিপিপিএর ডিবারড তালিকার ১০৩ নম্বরে রয়েছে প্রতিষ্ঠানটির নাম।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি হাইকোর্টে রিট করলে গত ৩ মে কালো তালিকাভুক্তির আদেশ ছয় মাসের জন্য স্থগিত হয়। তবে স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে, গত ১ নভেম্বর ওয়াহিদ কনস্ট্রাকশনের অনুকূলে ৪৯৭ কোটি ৩৩ লাখ টাকার কাজের নোয়া জারি করে রামেবি উপাচার্য ও প্রকল্প পরিচালকের কার্যালয়।
অন্যদিকে, স্থগিতাদেশের মেয়াদ না বাড়ায় গত ৩ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির অযোগ্যতার আদেশ আবার কার্যকর হয়।
দরপত্রের শর্ত অনুযায়ী, নোয়া পাওয়ার পর ১৪ কর্মদিবসের মধ্যে কার্যসম্পাদন জামানত জমা দিতে হয়। আর ২৮ দিনের মধ্যে চুক্তি সম্পাদনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে চুক্তি সম্পাদনের নির্ধারিত শেষ সময় ২৯ নভেম্বর। অর্থাৎ চুক্তি সম্পাদনের পুরো সময়জুড়েই প্রতিষ্ঠানটির অযোগ্যতার আদেশ কার্যকর রয়েছে। দরপত্রের ৫.২, ৫.৮ ও ৫.১১ নম্বর উপধারায় চুক্তি স্বাক্ষর পর্যন্ত দরদাতার যোগ্যতা বহাল থাকার শর্ত রয়েছে।
ওয়াহিদ কনস্ট্রাকশনের অভিজ্ঞতার সনদ নিয়েও প্রশ্ন উঠেছে। দরপত্রে একক কাজের অভিজ্ঞতা চাওয়া হলেও প্রতিষ্ঠানটি ৭৩টি স্কুল কাম দুর্যোগ আশ্রয়কেন্দ্র এবং সংযোগ সড়ক নির্মাণের অভিজ্ঞতা একসঙ্গে উপস্থাপন করেছে। সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞের মতে, পৃথক ৭৩টি তিনতলা স্কুল কাম দুর্যোগ আশ্রয়কেন্দ্র ও সংযোগ সড়ক নির্মাণের অভিজ্ঞতাকে বেজমেন্টসহ ১১ তলাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের সমজাতীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা যথাযথ নয়।
প্রকিউরমেন্ট কনসালটেন্টের নিয়োগ নিয়েও অভিযোগ
এর আগে গত ২২ ফেব্রুয়ারি দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে টেন্ডার বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের দাবি জানায় রাজশাহীর মেসার্স তাবাসসুম এন্টারপ্রাইজ। এ বিষয়ে প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেয়।
অভিযোগে বলা হয়, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে উপাচার্য ও প্রকল্প পরিচালক ডা. মো. জাওয়াদুল হক সরকারি ক্রয়বিধি (পিপিআর) লঙ্ঘন করে প্রকিউরমেন্ট কনসালটেন্ট রেয়াজাত হোসেন রিটুকে মূল্যায়ন কমিটির সদস্যসচিব করেন।
অভিযোগে আরও বলা হয়, রেয়াজাত হোসেন রিটু রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী থাকাকালে ফ্লাডলাইট ও সহায়ক উপকরণ কেনাকাটায় ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি। এমন অভিযোগ থাকার পরও তাঁকে দরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগকারী প্রতিষ্ঠানের দাবি।
এদিকে, এর আগে উপাচার্য ও প্রকল্প পরিচালক ডা. মো. জাওয়াদুল হকের বিরুদ্ধে নির্দিষ্ট এক ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ৯ শতাংশ কমিশন দাবির অভিযোগও উঠেছিল। পাশাপাশি প্রকল্প এলাকার হাজার হাজার গাছ, পুরোনো ভবন, আমবাগান ও পুকুরের মাছসহ বিভিন্ন সম্পদ আত্মসাতের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে।
সর্বশেষ কালো তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠানকে প্রায় ৬০০ কোটি টাকার কাজ দেওয়ার বিষয়টি সামনে আসায় প্রকল্পের দরপত্র ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, সরকারি ক্রয়বিধি ও কালো তালিকাভুক্তির বিধান থাকার পরও কীভাবে এত বড় অঙ্কের সরকারি কাজ প্রতিষ্ঠান দুটিকে দেওয়া হচ্ছে?
সচেতন মহলের দাবি, দরপত্র মূল্যায়ন, ঠিকাদার নির্বাচন ও চুক্তি সম্পাদনের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান সময়ের আলোকে বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থাপন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কালো তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠানকে প্রায় ৬০০ কোটি টাকার কাজ দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। বিষয়টি দ্রুত তদন্ত করা প্রয়োজন। কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে কাজ দেওয়া সম্পূর্ণ আইনের পরিপন্থি। এ অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।
যা বলছেন সংশ্লিষ্টরা
এনডিইর কালো তালিকাভুক্তির বিষয়ে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নির্ঝর এন আনোয়ার সময়ের আলোকে বলেন, গত ১৩ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ডেসকো তাদের প্রতিষ্ঠানকে দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত করে। তবে ওই আদেশের বিরুদ্ধে তারা হাইকোর্ট থেকে ছয় মাসের স্থগিতাদেশ নিয়েছেন।
অভিযোগের বিষয়ে উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. জাওয়াদুল হক সময়ের আলোকে বলেন, কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রশ্নই আসে না। কালোতালিকাভুক্ত হওয়ার আগেই তাদের দরপত্র প্রক্রিয়া চলছিল। বিষয়টি বিপিপিএকে জানানো হয়েছে। সংস্থাটি যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ওয়াহিদ কনস্ট্রাকশনের বিষয়ে তিনি বলেন, এখন আর কোনো কাজ হচ্ছে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি কোনো নির্দেশনা নিয়ে আসতে না পারলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকিউরমেন্ট কনসালটেন্ট রেয়াজাত হোসেন রিটুর বিরুদ্ধে দুদকের মামলা ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, তার কাছে রেয়াজাতের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তা ছাড়া তার মেয়াদও শেষ হয়েছে। তবে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই