মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১১

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে আবারও সড়ক

2026-11-25T17:36:48+00:00
2026-11-25T17:36:48+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১১
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
গাজীপুরে আবারও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ছবি : সময়ের আলো
গাজীপুরে আবারও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ছবি : সময়ের আলো
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে আবারও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ছয় পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বুধবার সকাল থেকেই আন্দোলনে নামেন শ্রমিকরা।

সকাল থেকে গাজীপুর মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, তিনসড়ক, সাইনবোর্ড, বড়বাড়ী ও গাজীপুরাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন। জেলার শ্রীপুরের কয়েকটি এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

দুপুর ১২টার দিকে মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। একপর্যায়ে শ্রমিকরা পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।

এ ছাড়া মহানগরীর মালিকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।


এর আগের দিন মঙ্গলবারও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে সেদিন ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া, মেম্বারবাড়ী ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে শ্রমিকদের বিক্ষোভ।

এদিকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় পৃথক দুটি পোশাক কারখানার সামনে আন্দোলনরত শ্রমিকদের নিয়ন্ত্রণে নিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় এর শেলের আঘাতে দুই নারী শ্রমিক আহত হন।

আহতরা হলেন প্রিটি গ্রুপের শ্রমিক শিরিনা আক্তার (২৯) ও ম্যাট্রিক্স গার্মেন্টসের শ্রমিক শিরিনা বেগম (৪০)। শিরিনা আক্তারের পেটের বাঁ পাশে এবং শিরিনা বেগমের মুখের ডান পাশের চোয়ালে সাউন্ড গ্রেনেডের শেলের আঘাত লাগে। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। এ ছাড়া মালিকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  পোশাকশ্রমিক  শ্রমিক বিক্ষোভ  শ্রমিক অসন্তোষ  মজুরি বোর্ড  ন্যূনতম মজুরি  শ্রমিক-পুলিশ সংঘর্ষ  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক  ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক  সাউন্ড গ্রেনেড  গার্মেন্টস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: