চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, দুইজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি এবং পতিতাবৃত্তিতে বাধ্য করার অপরাধে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই

2026-11-25T15:47:32+00:00
2026-11-25T15:47:32+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, দুইজনের যাবজ্জীবন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম 
জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি এবং পতিতাবৃত্তিতে বাধ্য করার অপরাধে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির সর্দারনি রোজি সর্দারনি এবং একই এলাকার বাহিরচর দৌলতদিয়া মজি ফকিরপাড়া গ্রামের মৃত বাসেদের ছেলে মজি ফকির। তারা দুজনই পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে ভুক্তভোগী কনা আক্তারের সঙ্গে রোজি সর্দারনির পরিচয় হয়। পরে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বাসযোগে তাকে দৌলতদিয়ায় নিয়ে আসেন রোজি। ওই দিন রাত সোয়া ১০টার দিকে যৌনপল্লীর পেছনের ফটক দিয়ে তাকে মজি ফকিরের বাড়িতে নেওয়া হয়। সেখানে রোজি ও মজি ফকির ভয়ভীতি দেখিয়ে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করেন।

এক মাস পর পতিতাবৃত্তিতে অস্বীকৃতি জানালে ১৭ নভেম্বর রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠের চেলা দিয়ে কনা আক্তারকে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

তার চিৎকার শুনে যৌনপল্লীতে কর্মরত একটি এনজিওর কর্মীরা এগিয়ে আসেন। পরে তাদের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করে।

সুস্থ হওয়ার পর এনজিও পায়াক্টের কর্মকর্তা শেখ রাজিবের সহযোগিতায় কনা আক্তার গোয়ালন্দ ঘাট থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। এতে রোজি সর্দারনি ও মজি ফকিরকে আসামি করা হয়। মামলাটি গোয়ালন্দ ঘাট থানার ২০ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা জানান, রোজি সর্দারনি ও মজি ফকির পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে কনা আক্তারকে যৌনপল্লীতে পাচার করেন। সেখানে তাকে মারধর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। ভুক্তভোগীকে উদ্ধারে সহায়তাকারীরাও আদালতে সাক্ষ্য দিয়েছেন।


তিনি জানান, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬(২) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া একই আইনের ১১ ধারার অপরাধে প্রত্যেককে আরও সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে দুই ধারায় দেওয়া সাজা একই সঙ্গে কার্যকর হবে।

পলাতক দুই আসামির বিরুদ্ধে আগে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে সাজা উল্লেখসহ নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চাকরির প্রলোভন  যৌনপল্লীতে বিক্রি  যাবজ্জীবন  দৌলতদিয়া  রাজবাড়ী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: