প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম

প্রকাশ চন্দ্র মহন্ত। ছবি : সংগৃহীত
প্রকাশ চন্দ্র মহন্ত। ছবি : সংগৃহীতদিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি প্রকাশ চন্দ্র মহন্তকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রকাশ চন্দ্র মহন্ত উপজেলার সিংড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহিদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ একটি মামলা করে। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মামলাটি তদন্ত করতে গিয়ে প্রকাশ চন্দ্র মহন্তের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, গ্রেফতারকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হয়।
সময়ের আলো/জোই