প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা শহরের কুখরালী কারিগরপাড়া কালানিপাড়া এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০) এবং মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে শওকত আলী (৩৩)।
রায়ের তথ্য অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।
তবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এ দণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ের প্রয়োজনীয় নথি অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা রায়ের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন।
অন্যদিকে, এ মামলার অপর দুই আসামি মো. আতিয়ার রহমানের মেয়ে মোছা. হাসিনা খাতুন (৩৫) ও স্ত্রী ছবিরণ খাতুনকে (৫৫) অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
সময়ের আলো/জোই