
পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছবি : সময়েরে আলো
পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছবি : সময়েরে আলোনতুন মজুরি কাঠামো ঘোষণার পরও সাভারের পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ থামছে না। বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। এ পরিস্থিতিতে ওই এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পদ্মার মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শ্রমিকরা। পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালেও তারা অবরোধের চেষ্টা চালান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা উপস্থিত হন। পরে কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে বাগবাড়ী এলাকায় জড়ো হন। একপর্যায়ে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন তারা।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের সচল কারখানায় গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
বর্তমানে বাগবাড়ী মোড়সহ হেমায়েতপুর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে এলাকায় টহলও জোরদার করা হয়েছে।
তবে শিল্পাঞ্চল আশুলিয়ায় পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। সেখানকার অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও শ্রমিক আন্দোলনের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
তিনি জানান, এর মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধির দাবিতে আরও ১০টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ২২টি কারখানা হলো—আউটলেট স্টিচ লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মন্ডল নিটওয়্যার লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, ভার্চুয়াল বটমস লিমিটেড, প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, ইসলাম ড্রেসেস লিমিটেড, ইসলাম গার্মেন্টস লিমিটেড, পাইওনিয়্যার অ্যাপারেলস লিমিটেড, ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড, লুসাকা গ্রুপ ও ও-মুসলিম অ্যাপারেলস লিমিটেড।
এ ছাড়া অন্যান্য ব্যবস্থাপনায় বন্ধ রয়েছে এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেড ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড।
সময়ের আলো/জোই