
গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদ। ছবি : সময়ের আলো
গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদ। ছবি : সময়ের আলো ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) রাতে নরসিংদী জেলা পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতার আব্দুর রহমান আবেদ নরসিংদী শহরের গাবতলী এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি গাবতলীর জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা শাখার ছাত্রলীগ সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে আবেদ রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় অবস্থান করছিল। সে সময় স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে নরসিংদী মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হওয়ায় নরসিংদী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে আবেদের ব্যবহৃত মোবাইল ফোন খতিয়ে দেখে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আবেদকে সঙ্গে নিয়ে শহরের গাবতলী পুরানপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে বৈদ্যুতিক খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে আবেদের দেখানো স্থান থেকে একটি বিদেশি পিস্তল, একনলা বন্দুক, পিস্তলের ৫ রাউন্ড গুলি এবং বন্দুকের ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এর আগে রোববার আব্দুর রহমান আবেদ তার ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিওটি আপলোড করেন। এরপর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আবেদ মোবাইলের অডিও কলে ‘নেত্রী’ লেখা নম্বরে পলাতক শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন।
ওই কথোপকথনে আবেদকে বলতে শোনা যায়, তিনি নিজেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুর রহমান রিমনের ছোট ভাই হিসেবে পরিচয় দেন। কয়েক দিন আগে তার ও এক বন্ধুর নেতৃত্বে নরসিংদী সদরে ছাত্রলীগের মিছিল হওয়ার কথাও জানান।
এ সময় আবেদ বলেন, ‘নেত্রী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত।’ উত্তরে শেখ হাসিনা বলেন, ‘জীবন দিতে হবে না, আগে তোমরা কাজ করো যেন দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাও।’
পরে আবেদ জানান, জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসার ছাত্র থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছিলেন। ৫ আগস্টের পর ওই মাদরাসায় জামায়াতে ইসলামীর আমির সফর করেছেন। জয় করে দেশে ফেরার পর মাদরাসাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হলে জবাবে তিনি ‘ঠিক আছে’ বলেন।
জানা গেছে, আবেদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সমাবেশে সক্রিয় ছিলেন। এসবের বিভিন্ন ভিডিও ও ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন জানান, আবেদ তাদের থানার একটি মামলার পলাতক আসামি। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার মোবাইলে অস্ত্রের ছবি পাওয়ায় পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আরও জানান, তার মোবাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার ভিডিও পাওয়া গেছে এবং তিনি পুলিশের কাছে কথা বলার বিষয়টি স্বীকার করেছেন। তার মোবাইলগুলো ফরেনসিকে পাঠানো হয়েছে; রিপোর্ট এলে বিষয়টি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়া যাবে।
সময়ের আলো/আতা