গাজীপুর-সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীসংলগ্ন শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারে শ্রমিক অসন্তোষের জেরে প্রায় ১৭০টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার

2026-11-26T14:00:06+00:00
2026-11-26T14:01:35+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুর-সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:০০ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ২:০১ পিএম
২৫ দিন ধরে এ দুই শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। ছবি : সংগৃহীত
২৫ দিন ধরে এ দুই শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। ছবি : সংগৃহীত
রাজধানীসংলগ্ন শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারে শ্রমিক অসন্তোষের জেরে প্রায় ১৭০টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে গত ২৫ দিন ধরে এ দুই শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। এতে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম।

গাজীপুর ও সাভার মিলিয়ে ছোট-বড় প্রায় সাড়ে ৩ হাজার শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে রফতানিমুখী কারখানার সংখ্যা প্রায় ২ হাজার ৫০০। মজুরি বোর্ডের ঘোষণার পর প্রায় ৯০ শতাংশ কারখানার শ্রমিক সমঝোতায় এলেও বাকি ১০ শতাংশ কারখানার শ্রমিক এখনো আন্দোলন-বিক্ষোভে সক্রিয় রয়েছেন।

গাজীপুর জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ, সদর উপজেলার সালনা এবং মহানগরের টঙ্গী, বাংলাবাজার, কোনাবাড়ী, কাশিমপুর ও ভোগড়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৭০০ শিল্পকারখানা রয়েছে। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈর, শ্রীপুর ও মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় এক মাস ধরে শ্রমিক বিক্ষোভ চলছে। আন্দোলন ও ভাঙচুরের ঘটনায় শিল্পাঞ্চলগুলোতে বিরাজ করছে উত্তেজনা।


এর মধ্যে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও মৌচাক এলাকার ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি কর্মদিবসের শুরুতে শ্রমিকদের উত্তেজনার কারণে প্রতিদিন গড়ে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি মাসের ১০ তারিখ থেকে জেলায় পুলিশ ছাড়াও বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

নতুন মজুরি ঘোষণার পরও গত বুধবার জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ হয়েছে। এর প্রেক্ষিতে সকাল থেকে শ্রীপুর উপজেলার বেশিরভাগ পোশাক কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্যও বন্ধ রয়েছে। তবে, অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার গাজীপুরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। কালিয়াকৈরের বন্ধ থাকা চারটি কারখানা চালু করেছে কর্তৃপক্ষ। 

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কোথাও কোথাও সামান্য অসন্তোষ দেখা দিলেও, তা দ্রুত নিয়ন্ত্রণ করা হচ্ছে। বন্ধ কারখানাগুলো দ্রুত উৎপাদনে ফেরাতে পুলিশ সহায়তা করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।’


অন্যদিকে, ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়াসহ আশপাশের এলাকায় রফতানিমুখী কারখানা রয়েছে ৪৭০টি। এর মধ্যে ২২টি কারখানা বন্ধ রয়েছে। আরও ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব কারখানায় উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, “ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রতিদিন ৫০ থেকে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইন অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২০ থেকে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।”

মজুরি বৃদ্ধির দাবিতে প্রতিদিনই কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া সাভার ও আশুলিয়ার হেমায়েতপুর এবং জিরাবো এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, নিম্নতম মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণের খসড়া প্রস্তাব দিয়েছে। সাভার-আশুলিয়ার অধিকাংশ শ্রমিক সংগঠন এ মজুরি মেনে নিয়েছে। তবে, হেমায়েতপুরসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হেমায়েতপুরে তিন প্লাটুন এবং আশুলিয়ায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   গাজীপুর  সাভার  পোশাক কারখানা  শ্রমিক  পুলিশ  সংঘর্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: