প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম

শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। ছবি : সংগৃহীত
শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। ছবি : সংগৃহীতরাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব, সাবেক জেলা প্রশাসক (ডিসি) এবং সাবেক কাউন্সিলরের সহযোগীসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ ছাড়া পৃথক এক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ আটক করে পুলিশ। সব মিলিয়ে চারজনকে আটক করা হয়েছে এবং তারা সবাই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে আছেন।
আটক কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ প্রেস সচিব হিসেবে যুক্ত করা হয়েছিল; পরে সরকার পরিবর্তনের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের নেতা-কর্মীদের হস্তান্তর করা তিনজন এবং ককটেলসহ আটক আল আমিনসহ চারজনই এখন মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/আতা